৩৫০ সিসিতে মন ভরছে না? প্রিমিয়াম বাইকারদের জন্য ৭৫০ সিসির দানব নিয়ে আসছে রয়্যাল এনফিল্ড!

নতুন রাইডারদের জন্য ৩৫০ বা ৪৫০ সিসির বাইকগুলো দিব্যি কাজ চালিয়ে দেয়। কিন্তু যারা নিজেদের পোড়খাওয়া বা ‘প্রো’ রাইডার বলে মনে করেন, তাদের রাইডিংয়ের খিদে মেটাতে প্রয়োজন আরও কিছুটা বেশি ক্ষমতা। আর সেই ভারী বাইকের বাজারে পা বাড়াতে গেলেই তো পকেটের অবস্থা খারাপ হওয়ার জোগাড় হয়। বাজেট এবং ক্ষমতার এই ফারাকটাই এবার মেলাতে চলেছে রয়্যাল এনফিল্ড। অ্যাডভেঞ্চার বাইক প্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংস্থা নিয়ে আসছে একেবারে নতুন রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০।
ইতালিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বাইকটির প্রথম লুক প্রকাশ্যে এসেছে। সামনেই রয়েছে বিশ্বখ্যাত ইসিমা (EICMA) মোটরসাইকেল এক্সিবিশন। তার ঠিক আগেই এই নতুন মডেলের ওপর থেকে পর্দা সরাল চেন্নাইয়ের এই বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা সংস্থা। জনপ্রিয় হিমালয়ান ৪৫০-এর ঠিক উপরের ধাপেই অবস্থান করবে এই নতুন বাইকটি। ফলে বলাই বাহুল্য, রয়্যাল এনফিল্ডের ট্যুরার সেগমেন্টে এটিই হতে চলেছে এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী মডেল। তবে অফিশিয়ালি বাইকটির নির্দিষ্ট ইঞ্জিন ফিগার, সঠিক দাম বা বিক্রির তারিখ নিয়ে এখনও মুখ খোলে নি কোম্পানি।
ইঞ্জিনে আসছে বড় চমক
নতুন হিমালয়ান ৭৫০-এ থাকছে একটি অয়েল-কুলড, প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন। প্রায় ৭৫০ সিসির এই ইঞ্জিনটি মূলত তাদের জনপ্রিয় ৬৪৮ সিসির টুইন ইঞ্জিন প্ল্যাটফর্মের আদলেই তৈরি করা হয়েছে বলে অটো বিশেষজ্ঞদের ধারণা। বাইকটিতে যুক্ত করা হয়েছে সিক্স-স্পিড গিয়ারবক্স এবং স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। লম্বা হাইওয়ে জার্নি, চোখের পলকে ওভারটেকিং কিংবা পিছনের সিটে কাউকে বসিয়ে বা অতিরিক্ত লাগেজ নিয়ে পাহাড়ি চড়াই-উতরাই পার করার ক্ষেত্রে এই বড় ইঞ্জিন ছোট সিসির বাইকের তুলনায় যে বাড়তি সুবিধা দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।
আধুনিক ফিচার ও ক্রুজ কন্ট্রোলের আরাম
অ্যাডভেঞ্চার বাইক অথচ তাতে রয়েছে ক্রুজ কন্ট্রোলের মতো দারুণ ফিচার। ফলে হাইওয়েতে একবার ক্রুজ কন্ট্রোল সেট করে দিলে রাইডিং হবে একদম মাখনের মতো মসৃণ। ঘণ্টার পর ঘণ্টা এক গতিতে বাইক চালাতে পারবেন, অ্যাক্সেলরেটর ধরে রেখে কব্জি ব্যথা হয়ে যাওয়ার দিন এবার শেষ। এর পাশাপাশি বাইকে থাকছে রাইড-বাই-ওয়্যার, ট্র্যাকশন কন্ট্রোল এবং একাধিক রাইডিং মোড, যা যেকোনো ধরনের কঠিন রাস্তায় আত্মবিশ্বাস জোগাবে।
সাসপেনশন ও ব্রেকিং সিস্টেমের দিক থেকেও এটি বেশ এগিয়ে। বাইকটিতে দেওয়া হয়েছে শোওয়া ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন। ব্রেকিংয়ের সুরক্ষায় সামনে থাকছে ডুয়াল ডিস্ক এবং পেছনে সিঙ্গেল ডিস্ক সহ ডুয়াল চ্যানেল এবিএস। ক্রেতাদের পছন্দমতো অ্যালয় হুইল কিংবা টিউবলেস স্পোক হুইল—উভয় বিকল্পই মিলতে পারে। রাইডারদের সুবিধার জন্য থাকছে রঙিন টিএফটি ডিসপ্লে, স্মার্টফোন কানেক্টিভিটি, গুগল ম্যাপ নেভিগেশন এবং ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট।
ভারতে আনুমানিক দাম কত হতে পারে?
বাইকপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, পকেট থেকে ঠিক কত টাকা খরচ হতে পারে? প্রাথমিক বাজার চলতি অনুমান বলছে, ভারতে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৭৫০-এর এক্স-শোরুম দাম সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার আশপাশে থাকতে পারে। যদিও সংস্থার পক্ষ থেকে চূড়ান্ত মূল্য ঘোষণা করার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।