‘অর্ণব’-এর পর এবার তান্ডব চালাতে আসছে ‘মুরাসু’! প্রবল বেগে ধেয়ে আসছে তীব্র ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে লাল সতর্কতা?

অর্ণবের বিদায়ের পর এবার নতুন করে আতঙ্কের মেঘ সঞ্চারিত হচ্ছে বঙ্গোপসাগরে। ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘মুরাসু’ (Cyclone Murasu)। আবহাওয়া দফতরের শেষ পাওয়া আপডেট অনুযায়ী, ইতিমধ্যেই এটি একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে চেন্নাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার এবং বিশাখাপত্তনম থেকে ৪৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই শক্তি সঞ্চয়কারী ঝড়টি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র ল্যান্ডফল বা ভূমিধস প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং নারসাপুরের মধ্যবর্তী অঞ্চল দিয়ে এটি তীব্র বেগে উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং তামিলনাড়ুর উপকূলীয় এলাকায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই অন্ধ্র ও তামিলনাড়ু উপকূলে লাল সতর্কতা (Red Alert) জারি করেছে প্রশাসন। পাশাপাশি ওড়িশাতেও ঝড়-বৃষ্টির জোরালো সতর্কতা জারি করা হয়েছে।
তবে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য স্বস্তির খবর এটাই যে, বাংলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি কোনো ধ্বংসাত্মক প্রভাব পড়ার আশঙ্কা আপাতত নেই। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজ এবং কাল পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং কলকাতায় আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ১-২ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চলতি সপ্তাহের বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যজুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।