তারিখটা লিখে রাখুন! আমেরিকার বাজারে বাজিমাত করার পর এবার ভারতের নিজস্ব ফাইভ-জি ফোন কবে আসছে?

বিশ্ব প্রযুক্তির বাজারে অ্যাপল (Apple) বা স্যামসাং (Samsung)-এর মতো আন্তর্জাতিক টেক জায়ান্টদের কঠিন টক্কর দিতে এবার পুরোপুরি প্রস্তুত ভারত। আগামী ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ দেশীয় নকশা, প্রযুক্তি ও নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনতে চলেছে দেশ—এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
দিল্লিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার এই ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করেন কেন্দ্রীয় মন্ত্রী। নির্দিষ্ট দিন ও তারিখের কথা উল্লেখ করে অশ্বিনী বৈষ্ণব বলেন, “আজ ২৩ অক্টোবর ২০২৬। তারিখটা লিখে রাখুন—২০২৮ সালের ২৩ অক্টোবর। সেদিন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ভারতীয় নকশা, দেশীয় নির্মাণ এবং নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ফোন।”
আমেরিকার বাজারে ইতিমধ্যেই বাজিমাত
স্মার্টফোন তৈরির জটিল প্রক্রিয়া বোঝাতে গিয়ে পকেট থেকে ফোন বের করে তার কারিগরি দিকগুলি তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, রেডিও ফ্রিকোয়েন্সি কমিউনিকেশন, অ্যান্টেনা, প্রসেসর, মেমোরি, ক্যামেরা মডিউল থেকে শুরু করে পাওয়ার ম্যানেজমেন্ট—সবকিছুকে একটি ছোট্ট কাঠামোর মধ্যে নিখুঁতভাবে ফিট করা অত্যন্ত কঠিন কাজ।
তবে সেই অসাধ্য সাধন করে দেখিয়েছেন দেশের তরুণ ইঞ্জিনিয়াররা। তিন বছর আগে ভারতীয় ডিজাইনারদের সামনে মাদারবোর্ড বা পিসিবি (PCB) ডিজাইনের যে চ্যালেঞ্জ রাখা হয়েছিল, তা সফলভাবে পূরণ করেছে দুটি দেশীয় কোম্পানি। এর মধ্যে একটি ভারতীয় সংস্থার ডিজাইন করা ফাইভ-জি প্লাস (5G-plus) স্মার্টফোন ইতিমধ্যেই আমেরিকার অন্যতম বৃহত্তম টেলিকম সার্ভিস প্রোভাইডার গ্রহণ করেছে এবং মার্কিন গ্রাহকদের হাতে তা সফলভাবে পৌঁছেও গেছে। মার্কিন মুলুকে ভারতের এই প্রযুক্তিগত উৎকর্ষ প্রমাণ করার পর, এবার দেশীয় বাজারে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল আনাই কেন্দ্রের মূল লক্ষ্য। ‘মেক ইন ইন্ডিয়া’ নীতির হাত ধরে ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন ও রফতানিতে ভারত যে বিশ্বমঞ্চে দ্রুত বিপ্লব ঘটাচ্ছে, এই ঘোষণা তারই এক বড় প্রমাণ।