টাচস্ক্রিন ম্যাকবুক প্রো থেকে OLED আইপ্যাড মিনি! অ্যাপলের কোন বড় ধামাকার অপেক্ষায় টেকদুনিয়া?

সেপ্টেম্বরের শুরুতে একাধিক প্রোডাক্ট লঞ্চের রেশ কাটতে না কাটেই ফের বড় ঘোষণা করল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল (Apple)। আগামী ২৮ অক্টোবর ‘Pro and Tell’ নামের আরও একটি হার্ডওয়্যার ইভেন্টের ঘোষণা করেছে সংস্থাটি। তবে চিরাচরিত লঞ্চ ইভেন্টের মতো বড় আকারে না হলেও, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেই নতুন প্রোডাক্টগুলির ঘোষণা করা হবে। ইতিমধ্যেই নির্বাচিত সংবাদমাধ্যমকে লস অ্যাঞ্জেলসে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে তারা নতুন ডিভাইসগুলি সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ পাবে।
কী থাকতে পারে ২৮ অক্টোবরের ইভেন্টে?
অ্যাপলের বিশ্বব্যাপী মার্কেটিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ জোসউইয়াক এক্স (পূর্বতন টুইটার)-এ একটি টিজার পোস্ট করে এই ইভেন্টের কথা জানিয়েছেন। যদিও আনুষ্ঠানিকভাবে প্রোডাক্টের তালিকা প্রকাশ করা হয়নি, তবে প্রযুক্তি মহলের জল্পনা ও বিভিন্ন রিপোর্টে একাধিক চমকপ্রদ তথ্য সামনে এসেছে:
-
OLED টাচস্ক্রিনযুক্ত MacBook Pro: অ্যাপলের এই ইভেন্টের সবচেয়ে বড় চমক হতে পারে নতুন ম্যাকবুক প্রো। এতদিন প্রথাগত কিবোর্ড ও ট্র্যাকপ্যাডের ওপর ভরসা রাখলেও, এবার বড় বদল এনে ওলেড টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত ম্যাকবুক আনতে পারে সংস্থাটি।
-
মডেল ও প্রসেসর বৈচিত্র্য: শোনা যাচ্ছে, ১৬ ও ১৪ ইঞ্চির ওলেড টাচস্ক্রিন মডেলগুলিতে পুরনো প্রজন্মের M5 চিপ ব্যবহার করা হতে পারে। অন্যদিকে, টাচস্ক্রিনবিহীন সংস্করণটি রান করবে লেটেস্ট M6 প্রসেসরে। এছাড়া ম্যাকবুকের নচ সরিয়ে সেখানে ‘ডাইনামিক আইল্যান্ড’ যুক্ত করার প্রবল সম্ভাবনা রয়েছে।
-
XDR OLED প্যানেল: স্ক্রিনে থাকতে পারে এক্সট্রিম ডাইনামিক রেঞ্জ বা XDR OLED প্যানেল, সঙ্গে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১ বিলিয়ন রঙের সাপোর্ট।
iMac ও iPad Mini নিয়ে জল্পনা তুঙ্গে
ম্যাকবুকের পাশাপাশি টেকদুনিয়ায় গুঞ্জন রয়েছে যে, ২৮ অক্টোবরের এই ইভেন্টে শক্তিশালী M6 প্রসেসর দ্বারা চালিত ২৪ ইঞ্চির নতুন iMac লঞ্চ হতে পারে। একই সঙ্গে বাজারে আসতে পারে বহু প্রতীক্ষিত আপডেটেড iPad Mini।
-
গুঞ্জন সত্যি হলে, আইপ্যাড প্রো-র পর এই প্রথম কোনও আইপ্যাডে ওলেড প্যানেল দেখতে পাওয়া যাবে।
-
নতুন আইপ্যাড মিনির ফ্রন্ট ক্যামেরা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে রাখা হতে পারে।
-
প্রচলিত স্পিকার হোলের পরিবর্তে কম্পনের মাধ্যমে শব্দ উৎপন্নকারী আধুনিক স্পিকার যুক্ত করা হতে পারে ট্যাবটিতে।
-
এছাড়া IP রেটিং, শক্তিশালী A20 Pro চিপ এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের মতো আকর্ষণীয় ফিচার থাকতে পারে নতুন আইপ্যাড মিনিতে।
অ্যাপল আনুষ্ঠানিকভাবে সমস্ত তথ্য গোপন রাখলেও, ২৮ অক্টোবরের এই ইভেন্ট ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে।