খাড়গে-অখিলেশদের পর এবার রাহুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে বিস্ফোরক অভিযোগ! স্বস্তি পাবেন কি কংগ্রেস নেতা?

রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে সুপ্রিম কোর্টে আইনি বিপাকে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। খাড়গে ও অখিলেশ যাদবদের পর এবার খোদ রাহুলের বিরুদ্ধে এক ৩ মাসের অন্তঃসত্ত্বা মহিলা সাংবাদিককে ধাক্কা মারার গুরুতর অভিযোগ উঠল। শুক্রবার শীর্ষ আদালতে এই মর্মে আবেদন জমা পড়তেই শুরু হয়েছে শোরগোল।
গত ১২ মার্চ বিরোধীদের একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সুপ্রিম কোর্ট চত্বরে এই ঘটনা ঘটে বলে অভিযোগে জানানো হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে এই আবেদন পেশ করেন বিশিষ্ট আইনজীবী গৌরব ভাটিয়া।
আদালত চত্বরে রাজনৈতিক বিক্ষোভ এবং অনভিপ্রেত জমায়েতের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়ে পূর্বে একটি মামলা দায়ের করা হয়েছিল। মূলত সেই মামলারই অংশ হিসেবে এই নতুন অভিযোগটি আদালতের সামনে আনা হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ২৬ বা ২৭ অক্টোবর এই হাই-প্রোফাইল মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে পারে।
ইতিমধ্যেই এই মামলাতেই রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অখিলেশ যাদবদের মতো বিরোধী শীর্ষ নেতাদের বিরুদ্ধে নোটিস জারি করেছে শীর্ষ আদালত। এখন দেখার, অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা মারার এই বিস্ফোরক অভিযোগে আগামী সপ্তাহে আদালত কী রায় দেয় এবং রাজনৈতিক মহলে এর জল কতদূর গড়ায়।