“রায় শুধু কাগজে-কলমে নয়! মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে এবার চরম পদক্ষেপের হুশিয়ারি শীর্ষ আদালতের”

মেনস্ট্রুয়াল হাইজিন বা ঋতুকালীন স্বাস্থ্যবিধি সংক্রান্ত সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ বাস্তবায়নের তথ্য না দিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিরুদ্ধে কঠোর আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। আদালতের স্পষ্ট বার্তা, রায় শুধুমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে তা দ্রুত কার্যকর করতে হবে। অন্যথায় রাজ্যের মুখ্যসচিবদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিস জারি করা হতে পারে।

বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, কেন্দ্র সরকারের পক্ষ থেকে তথ্য চাওয়া সত্ত্বেও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন এখনও তা জমা দেয়নি। আদালতের নির্দেশ পালনের জন্য রাজ্যগুলিকে এটি একটি শেষ সুযোগ দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

কেন্দ্রকে বিশেষ নির্দেশ দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, গত ১ সেপ্টেম্বর দেওয়া রায়ের মূল বিষয়গুলিকে সামনে রেখে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে লিখিতভাবে রিপোর্ট তলব করতে হবে। এই তথ্য সংগ্রহের জন্য কেন্দ্র সরকার একটি নির্দিষ্ট প্রশ্নপত্র তৈরি করে রাজ্যগুলির কাছ থেকে জবাব চাইতে পারে।

আগামী ১৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে। বেঞ্চের পক্ষ থেকে আশাপ্রকাশ করা হয়েছে যে, ঋতুকালীন স্বাস্থ্যকে একটি মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করার আদালতের রায়ের গুরুত্ব ও সংবেদনশীলতা কেন্দ্র, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি সম্পূর্ণভাবে উপলব্ধি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *