ব্লাড ব্যাঙ্কে রাত ৮টা পর্যন্ত রক্তদান চালু! উৎসবের মরশুমে বড় নির্দেশ স্বাস্থ্য দফতরের

উৎসবের মরশুমে রাজ্যে রক্তের জোগান স্বাভাবিক রাখতে এবার কোমর বেঁধে আসরে নামল স্বাস্থ্য দফতর। পুজোর আনন্দ আর ব্যস্ততার মাঝে যাতে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদানের কোনো ঘাটতি না হয়, সেই লক্ষ্যে একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করেছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। বিশেষ করে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জীবন বাঁচানোর বিষয়টি মাথায় রেখে কড়া বার্তা দেওয়া হয়েছে হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কগুলোকে।
স্বাস্থ্য ভবনের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, পুজোর দিনগুলোতে রক্তদান শিবিরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। একই সঙ্গে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে রাত আটটা পর্যন্ত রক্তদানের ব্যবস্থা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ ছুটির আমেজেও সহজেই রক্তদান করতে পারেন। এছাড়া বিরল রক্তের গ্রুপের সন্ধান পেতে বিশেষ উদ্যোগ নেওয়ার ওপরও জোর দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের সাম্প্রতিক পর্যবেক্ষণ বলছে, কলকাতার বড় হাসপাতালগুলোতে রোগীর চাপ সবসময়ই বেশি থাকে। বিশেষ করে বিভিন্ন জেলা থেকে নানা জটিল রোগী রেফার হয়ে আসায় মহানগরে রক্তের চাহিদা অন্য সময়ের তুলনায় অনেকখানি বেড়ে যায়। এই বাড়তি চাপ সামাল দিতে পুজোর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ব্লাড ব্যাঙ্ক থেকে কলকাতায় অতিরিক্ত রক্ত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং মেদিনীপুর মেডিক্যাল কলেজের মতো বড় প্রতিষ্ঠানগুলো থেকে এই সাপ্লাই চেইন শক্তিশালী করার কাজ শুরু হয়েছে।
বিশেষজ্ঞ মহলের মতে, উৎসবের কদিন স্বেচ্ছাসেবা ও রক্তদান শিবিরগুলোর সংখ্যা কমে যাওয়ার কারণে প্রতিবারই রক্তের সঙ্কট তৈরি হওয়ার একটা ঝুঁকি থাকে। স্বাস্থ্য ভবনের এই আগাম পরিকল্পনা এবং নতুন নিয়মগুলো সেই পুরনো ঘাটতির ছবিটা বদলাতে কতটা সাহায্য করে, এখন সেটাই দেখার।