পুজোয় কি প্যান্ডেল ভাসবে বৃষ্টিতে? আলিপুর আবহাওয়া দপ্তরের বিরাট আপডেট জানুন

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, পুজোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের কোনও পূর্বাভাস নেই। বিশেষ করে ষষ্ঠী পেরোলেই বাংলার আবহাওয়ার আরও উন্নতি হতে পারে। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ এলাকা থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। অন্যদিকে, সম্ভাব্য নিম্নচাপের অভিমুখ দক্ষিণ ভারতের দিকে থাকায় বাংলায় তার বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা কম। ফলে পুজোর দিনগুলিতে বৃষ্টির চোখরাঙানি থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে।চতুর্থীতে কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার চতুর্থীতে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুকনো থাকবে বলে জানা গিয়েছে। পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে? বৃহস্পতিবার, পঞ্চমীতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া, হুগলি, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই দুর্যোগের সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোন কোন দিন: শুক্রবার, ষষ্ঠীতে উপকূলবর্তী জেলা ও দুই মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস: শনিবার, প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের কোথাও দুর্যোগের আশঙ্কা নেই। রবিবার, দ্বিতীয় সপ্তমীতে বৃষ্টির সম্ভাবনা মূলত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং দার্জিলিংয়ে। রাজ্যের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস।

উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস: সোমবার, অষ্টমীতে উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে রাজ্যের অন্যান্য অংশে আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকার সম্ভাবনা। অন্যদিকে, নবমী, দশমী ও একাদশীতে রাজ্যের অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরের দিকে হালকা ঠান্ডার আমেজও অনুভূত হতে পারে। কেমন কাটবে এবারের পুজো? হাওয়া অফিস আরও জানিয়েছে যে, সব মিলিয়ে পুজোর শুরুতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ষষ্ঠীর পর আবহাওয়া আরও অনুকূল হওয়ার ইঙ্গিত। ভারী বৃষ্টি বা বড়সড় দুর্যোগের পূর্বাভাস না থাকায় পুজোর আনন্দে আপাতত বড় কোনও বাধার আশঙ্কা নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *