এড়িয়ে চলা নয়, তৃতীয় নোটিশে পুলিশের মুখোমুখি অভিষেক! কেন তলব করা হল মমতার সেনাপতিকে?

শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং পুরসভার দায়ের করা হাই-প্রোফাইল মামলায় অবশেষে বুধবার বেলা ১১টা নাগাদ থানায় হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২৭ আগস্ট ক্যামাক স্ট্রিটে তাঁর কার্যালয়ের সামনে অবৈধ বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই সময় পুলিশ ও পুরকর্মীদের ওপর মারধরের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোট তিনটি পৃথক মামলা দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে প্রথম দফায় ১৩ জনকে গ্রেপ্তার করা হলেও এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্তের স্বার্থেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল পুলিশ।

এর আগে গত রবিবার কালীঘাটের বাসভবনে গিয়ে অভিষেকের হাতে সরাসরি নোটিশ তুলে দেয় শেক্সপিয়ার সরণি থানার তদন্তকারী দল এবং সোমবার সকাল ১০টার মধ্যে তাঁকে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের আগেই ইমেল মারফত ৪৮ ঘণ্টার সময় চেয়ে নেন তিনি। পুলিশ সেই অনুরোধে নারাজ হয়ে সোমবারই ফের নোটিশ পাঠায়। অবশেষে চতুর্থীর দিন সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বেলা ১১টা নাগাদ কড়া নিরাপত্তার মাঝে শেক্সপিয়ার সরণি থানায় প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর এখন এই জিজ্ঞাসাবাদ পর্বের দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *