EPFO-র বড় সিদ্ধান্ত! ২৫,০০০ টাকা বেতনের কর্মীদের পেনশনের নিয়মে বিরাট বদল, জানাল কেন্দ্র

সংগঠিত ক্ষেত্রের কোটি কোটি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড (PF)-এর আওতায় আসার মাসিক পারিশ্রমিকের ঊর্ধ্বসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করা হয়েছে। বেতনের এই নতুন ঊর্ধ্বসীমা কার্যকরের পাশাপাশি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এমপ্লয়িজ পেনশন স্কিম (EPS)-এর আওতায় কারা পেনশন পাওয়ার যোগ্য, তা নিয়ে স্পষ্ট নির্দেশিকা ও নিয়মাবলী জারি করেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (X)-এ একটি স্পষ্ট চিত্র তুলে ধরে ইপিএফও জানিয়েছে, বেতনের এই সংশোধন এবং কর্মীর পূর্ববর্তী মেম্বারশিপ কীভাবে পেনশন পাওয়ার যোগ্যতায় প্রভাব ফেলবে। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মাবলীর দরুন দেশে প্রায় ৫১ লক্ষেরও বেশি অতিরিক্ত কর্মী সরাসরি বাধ্যতামূলক ইপিএফও-র আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

ইপিএস (EPS) মেম্বারশিপের জন্য কারা যোগ্য? ইপিএফও স্পষ্ট করে দিয়েছে, যেসব কর্মীর মাসিক বেতন ২৫,০০০ টাকা বা তার কম, তাঁরাও কভারেজের আওতায় আসতে পারেন। তবে তা পুরোপুরি কিছু নির্দিষ্ট শর্তাবলীর ওপর নির্ভর করছে:

  • ২৫,০০০ টাকা বা তার কম বেতনধারী: সংশোধিত এই বেতনসীমার মধ্যে থাকা যোগ্য কর্মীদের জন্য পেনশন প্রকল্পের সদস্যপদ বাধ্যতামূলক করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্টদের নির্ধারিত হারে কন্ট্রিবিউশন জমা করতে হবে।

  • ২৫,০০০ টাকার বেশি বেতনধারী: যেসব কর্মীর মাসিক মূল বেতন ২৫,০০০ টাকার বেশি এবং যাঁরা আগে থেকে এমপ্লয়িজ পেনশন স্কিমের (EPS) সদস্য ছিলেন না, তাঁরা কিন্তু নতুন করে এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। অর্থাৎ, বেতনসীমা বাড়লেই যে সবাই স্বয়ংক্রিয়ভাবে পেনশন পাবেন, তা নয়।

পেনশন কন্ট্রিবিউশনে কীভাবে মিলবে লাভ? পেনশনযোগ্য বেতনের ঊর্ধ্বসীমা ১৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার ফলে নিয়োগকর্তা বা কোম্পানির মাসিক অবদানের পরিমাণও এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে। আগে পেনশন খাতে ৮.৩৩ শতাংশ হারে নিয়োগকর্তার সর্বোচ্চ জমা ছিল ১,২৫০ টাকা, যা নতুন নিয়মে বেড়ে দাঁড়াবে প্রায় ২,০৮৩ টাকা।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোম্পানি যে টাকাটা পেনশন খাতে জমা দেবে, তা মোট প্রভিডেন্ট ফান্ড (PF) অবদানেরই একটি অংশ। এর জন্য কর্মীর ইন-হ্যান্ড বেতন থেকে অতিরিক্ত কোনো টাকা কাটা হবে না। ফলে অবসরের পর কর্মচারীদের পেনশনের অঙ্ক আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে।

পেনশনের টাকা জমা না পড়লে কী করবেন? যদি কোনো কর্মচারীর মনে হয় যে তাঁর প্রাপ্য পেনশনের অংশ সঠিক সময়ে জমা পড়ছে না, তবে প্রথমে নিজের কোম্পানির এইচআর (HR) বা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোম্পানি পদক্ষেপ না নিলে ইপিএফও-র অনলাইন অভিযোগ নিষ্পত্তি পোর্টাল EPFiGMS-এর মাধ্যমে সরাসরি নিজের অভিযোগ জানানো যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *