রিয়াদে হুথি হামলায় নিহত আরও এক ভারতীয়! আইসিইউতে ৩, সৌদি বিমানবন্দরে আতঙ্ক

সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় আরও এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর ফলে এই মর্মান্তিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছাল। এই হামলার জেরে বেশ কয়েক জন ভারতীয় গুরুতর জ আহত হয়েছেন, যাঁদের মধ্যে অনেকেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার সমাজমাধ্যম ‘এক্স’ (X)-এ একটি বিবৃতির মাধ্যমে এই দুঃখজনক খবরটি নিশ্চিত করেছে সৌদিতে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের তরফে জানানো হয়েছে, “দুর্ভাগ্যজনকভাবে রিয়াধ হামলায় জখম এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। পরিবারের সঙ্গে দূতাবাসের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহত ওই ভারতীয় ব্যক্তির মরদেহ দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।”
ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা ইতিমধ্যেই স্থানীয় বিভিন্ন হাসপাতালে গিয়ে আহত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন। দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে ৩ জন ভারতীয় আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন, তবে তাঁদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এ ছাড়াও, ২ জন ভারতীয় সাধারণ ওয়ার্ডে ভর্তি আছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ভারতীয়দের পরিবারের সঙ্গে দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সৌদি-নেতৃত্বাধীন জোট এই ভয়াবহ হামলার জন্য প্রতিবেশী ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে। উল্লেখ্য, গত ৬ এবং ৭ অক্টোবর সৌদি আরবের আবা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালিয়েছিল হুথিরা। সেই হামলায় ৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছিলেন। সর্বশেষ ১১ অক্টোবরের এই হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাজকর্ম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।