স্মার্টফোন স্লো হয়ে গেলে কি শুধু রিস্টার্ট করলেই কাজ হবে? আসল সত্যিটা অবাক করবে আপনাকে

দৈনন্দিন জীবনে স্মার্টফোন আমাদের অত্যন্ত জরুরি একটি হাতিয়ার। কথা বলা থেকে শুরু করে অনলাইন পেমেন্ট বা সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং—সবকিছুর জন্যই আমরা ফোনটির ওপর নির্ভর করি। কিন্তু অনেক সময়ই দেখা যায়, হঠাৎ করেই ফোনের গতি মারাত্মকভাবে কমে গিয়েছে। অ্যাপ খুলতে অতিরিক্ত সময় লাগছে, টাচস্ক্রিন ঠিকমতো কাজ করছে না কিংবা ফোনটি বারবার হ্যাং হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা প্রায় সবাই সবার আগে ফোনটি রিস্টার্ট বা রি-বুট করে থাকি। কিন্তু প্রশ্ন হলো, বারবার ফোন রিস্টার্ট করলে কি সত্যিই এর গতি স্থায়ীভাবে বাড়ে?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ফোন রিস্টার্ট করলে সাময়িকভাবে ছোটখাটো প্রযুক্তিগত ত্রুটি বা গ্লিচ ঠিক হয়ে যেতে পারে। যখনই আপনি ফোন রিস্টার্ট করেন, তখন এর অপারেটিং সিস্টেম বন্ধ হয়ে পুনরায় চালু হয়। এর ফলে ব্যাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপগুলো বন্ধ হয় এবং সিস্টেম প্রসেসগুলো আবার নতুন করে কাজ শুরু করে। যদি কোনো নির্দিষ্ট অ্যাপ ক্র্যাশ করে বা টাচস্ক্রিনে সমস্যা দেখা দেয়, তবে রিস্টার্ট করলে অনেক সময় সেই সমস্যার সাময়িক সমাধান মেলে।

তবে মনে রাখা দরকার, বারবার ফোন রিস্টার্ট করলেই এর গতি স্থায়ীভাবে বৃদ্ধি পায় না। বরং প্রতিবার ফোন বন্ধ করে আবার চালু করলে কিছুটা ব্যাটারির অপচয় হয়। যদি আপনার ফোনের গতি বারবার কমে যায়, তবে বুঝতে হবে সমস্যাটি অন্য কোথাও। ফোন স্লো হওয়ার আসল কারণ হতে পারে ইন্টারনাল স্টোরেজ ভর্তি হয়ে যাওয়া, ব্যাকগ্রাউন্ডে প্রচুর অ্যাপ রান করা কিংবা পুরোনো সফটওয়্যার আপডেট না থাকা। তাই শুধু রিস্টার্ট করার অভ্যাস না রেখে ফোনের স্টোরেজ ফাঁকা করা, ক্যাশ মেমোরি পরিষ্কার করা এবং নিয়মিত সফটওয়্যার আপডেট চেক করা বেশি জরুরি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *