‘এ টু জেড— সব থাকবে এখানে!’ বিয়িং হিউম্যানের পর এবার ইউটিউবে অভিনয়ের নতুন পাঠশালা খুললেন সলমন

বলিউডের বক্স অফিসে তাঁর ম্যাজিক ও বিগত দিনের নানা গুঞ্জন নিয়ে যতই আলোচনা চলুক না কেন, গ্ল্যামার দুনিয়ায় নিজের ক্রেজ ও ভক্তদের কাছে তাঁর প্রভাব যে বিন্দুমাত্র কমেনি, তা আবারও প্রমাণ করে দিলেন ‘ভাইজান’। একদিকে সেন্সরের জটিলতা কাটিয়ে মুক্তির অপেক্ষায় তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’, আর অন্যদিকে চলছে এক মেগাবাজেট দক্ষিণী সিনেমার তোড়জোড়। ঠিক এই ব্যস্ততম সময়ে নতুন এক ইউটিউব চ্যানেলের ঘোষণা করে বিনোদন দুনিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন সলমন খান।

তবে আর পাঁচটা তারকাদের মতো সাধারণ লাইফস্টাইল ভ্লগ বা মেকআপ ট্রেন্ড নয়, সলমনের এই নতুন প্ল্যাটফর্ম ‘বিয়িং দ্য সলমন খান’ (Being The Salman Khan)-এর লক্ষ্য একেবারেই আলাদা। চার দশকের বর্ণময় ফিল্মি কেরিয়ারে নিজের অর্জিত অভিনয় দক্ষতা ও কাজের অভিজ্ঞতা এবার তিনি তুলে ধরবেন এই চ্যানেলে। মূলত নবীন শিল্পী এবং যাঁরা অভিনয়ে পা রাখতে ইচ্ছুক, তাঁদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল পাঠশালা হিসেবে কাজ করবে তাঁর এই চ্যানেল।

শুক্রবার রাতে নিজের ইনস্টাস্টোরিতে নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সলমন অত্যন্ত নস্ট্যালজিক মেজাজে লেখেন, “তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ টু জেড— সবকিছু এখানেই পাওয়া যাবে।” সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই চ্যানেলের প্রথম প্রচারঝলকে সলমনকে দুটি ভিন্ন রূপে দেখা গেছে— একদিকে তিনি কঠোর ও অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক, আর অন্যদিকে অভিনয় শিখতে আসা এক কৌতূহলী নতুন ছাত্র!

উল্লেখ্য, ডিজিটাল দুনিয়ায় সলমনের পদচারণা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালের করোনা লকডাউনের সময়ে ‘সলমন খান ফিল্ম মিউজিক’ নামে একটি চ্যানেল লঞ্চ করেছিলেন তিনি, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩০ লক্ষ। তবে সেবার গায়ক হিসেবে ‘প্যায়ার করোনা’ কিংবা ‘তেরে বিনা’-র মতো হিট গান উপহার দিলেও, এবার শিক্ষক হিসেবে এক নতুন ও শিক্ষামূলক অবতারে ধরা দিচ্ছেন ভাইজান। রুপোলি পর্দার পাশাপাশি ডিজিটাল পাঠশালায় সলমনের এই অভিনব উদ্যোগ কতটা নতুন ইতিহাস গড়ে, এখন সেটাই দেখার!

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *