পুলিশের চোখ এড়াতে বদলে ফেললেন বিক্ষোভের জায়গা! শেষরক্ষা হল না, এবার পুলিশের জালে আইসা নেত্রী নেহা বোরা

জাতীয় রাজধানীতে নির্বাচন কমিশন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ক্রমেই চড়ছে রাজনৈতিক পারদ। একের পর এক বিরোধী নেতা ও ছাত্রনেতাদের আটকের পর এবার পুলিশি কঠোর ব্যবস্থার মুখে পড়লেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (AISA) নেত্রী নেহা বোরা। শনিবার দিল্লির যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে যখন চরম উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশি নিরাপত্তার কারণে চারদিক কড়া বলয়ে মোড়া, ঠিক তখনই নতুন রণকৌশল নিয়ে ময়দানে নেমেছিলেন এই তরুণ নেত্রী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যন্তর মন্তরে কড়া নিরাপত্তার জেরে আন্দোলনকারীরা বিক্ষোভের স্থান পরিবর্তন করে দিল্লি হাট ও আইএনএ মার্কেট সংলগ্ন এলাকায় জমায়েতের চেষ্টা করেন। কিন্তু আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর থাকা দিল্লি পুলিশ সেখানেও ধাওয়া করে এবং নেহা বোরাকে আটক করে। পুলিশের হাতে আটক হওয়ার ঠিক আগে একটি ভিডিও বার্তা পোস্ট করে নেহা শ্রী অরবিন্দ মার্গের কাছাকাছি এলাকায় প্রতিবাদীদের দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বাতিলের দাবিতে এই আন্দোলন চলছে। এই বিক্ষোভে শুধু ছাত্রনেতারাই নন, বরং বামশিবিরের একাধিক হেভিওয়েট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন বন্দ্যোপাধ্যায়, বৃন্দা কারাট থেকে শুরু করে বহু শীর্ষ নেতাও পুলিশের হানার মুখে পড়েছেন। একের পর এক ধরপাকড়ের এই ঘটনায় রাজধানীর রাজনৈতিক অঙ্গন এখন সম্পূর্ণ উত্তপ্ত।