‘বাংলাদেশি’ সন্দেহে আটক! দীর্ঘ আইনি লড়াই শেষে অবশেষে ভিনরাজ্যের বন্দিদশা কাটিয়ে ঘরে ফিরলেন বাংলার শ্রমিকরা

অবশেষে কাটল দীর্ঘ এক মাসের উৎকণ্ঠা ও অনিশ্চয়তা। ভিনরাজ্যের ডিটেনশন ক্যাম্পের বন্দিদশা কাটিয়ে নিজেদের ভিটেমাটিতে ফিরে এলেন মুর্শিদাবাদের চার পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে আটকের পর ছত্তিশগড়ের ডিটেনশন ক্যাম্পে এক মাস কাটিয়ে সম্প্রতি মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার এই খবরে পরিবার ও এলাকায় স্বস্তির নিঃশ্বাস পড়েছে।
ঘটনার সূত্রপাত প্রায় এক মাস আগে, যখন সুতি ও সামশেরগঞ্জ এলাকার ২৩ জন নির্মাণ শ্রমিককে ভিনরাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়ে আটকের মুখে পড়তে হয়। ছত্তিশগড় পুলিশ তাঁদের আটক করার পর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। যদিও পরবর্তীতে ১৯ জন শ্রমিককে মুক্তি দেওয়া হলেও, ভোটার তালিকার প্রক্রিয়া বিচারাধীন বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ থাকায় আটকে রাখা হয় এই চারজনকে। প্রিয়জনদের এমন আকস্মিক বন্দিদশায় ভেঙে পড়েছিল পরিবারগুলি। শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনতে আইনি লড়াইয়ের পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে জোরদার তৎপরতা শুরু হয়। হাইকোর্টের আইনি লড়াই এবং জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে অবশেষে কাটল জটিলতা।
শনিবার সকালে সামশেরগঞ্জের ধানঘড়া গ্রামে ফিরে আসা ওই শ্রমিকদের সঙ্গে দেখা করতে যান স্থানীয় বিধায়ক নুর আলম। দীর্ঘ আইনি লড়াই ও মানসিক টানাপোড়েন পেরিয়ে পরিযায়ীরা ঘরে ফেরায় পরিবারের সদস্যদের চোখে ছিল আনন্দের জল। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ভবিষ্যতেও ওই পরিবারগুলির পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে।