জেসন মোমোয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার! হলিউডের মেগা মুভিতে এন্ট্রি নিলেন ভারতের এই মারকুটে হিরো

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফোর্স’ সিনেমায় খলনায়ক ‘বিষ্ণু’ হিসেবে বড় পর্দায় পা রেখেছিলেন বিদ্যুৎ জামওয়াল। প্রথম ছবিতেই নিজের সুগঠিত পেশীবহুল শরীর ও দুর্দান্ত মারকুটে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। পরবর্তী সময়ে ‘কমান্ডো’, ‘খুদা হাফিজ’, ‘আইবি৭১’-এর মতো একাধিক হাই-অ্যাকশন ছবিতে অভিনয় করে নিজেকে দেশের শীর্ষস্থানীয় অ্যাকশন স্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই তারকা। আর এবার সেই অ্যাকশনের জাদুটাই তাঁকে পৌঁছে দিল সরাসরি স্বপ্নের হলিউডে! জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির ওপর ভিত্তি করে তৈরি বহুল প্রতীক্ষিত হলিউড ছবি ‘স্ট্রিট ফাইটার’-এ ভারতীয় যোগগুরু ও মার্শাল আর্টিস্ট ‘ঢালসিম’-এর চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যুৎ।
বলিউডে সাধারণত অভিনেতারা একটি নির্দিষ্ট ইমেজে আটকে পড়া বা ‘টাইপকাস্ট’ হওয়া নিয়ে সবসময় আতঙ্কিত থাকেন। কিন্তু এই ধারণার সম্পূর্ণ উল্টো কথা শোনালেন বিদ্যুৎ জামওয়াল। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে নিজের অ্যাকশন হিরো ইমেজ প্রসঙ্গে অভিনেতা খোলামেলাভাবে জানান, “আমি নিজেই টাইপকাস্ট হতে চেয়েছিলাম! আমি চেয়েছিলাম সবাই একবাক্যে বলুক—বিদ্যুৎ শুধু অ্যাকশনই করতে পারে। এতদিন পর আমি সেই তকমা অর্জন করতে পেরেছি এবং এটা আমার ভীষণ পছন্দের। আমি চেয়েছিলাম এই ঘরানাতেই এমনভাবে নিজের জায়গা পাকা করতে, যাতে একদিন ‘স্ট্রিট ফাইটার’-এর মতো আন্তর্জাতিক প্রজেক্ট থেকে ডাক পাই। আজ সেটাই সত্যি হয়েছে।”
কিতাও সাকুরাই পরিচালিত এই হাই-ভোল্টেজ একশন-অ্যাডভেঞ্চার ছবিতে বিদ্যুতের প্রস্তুতি প্রসঙ্গে জানা গেছে, শারীরিকভাবে ফিট থাকার চেয়েও অন্যান্য চরিত্রের ফাইটিং স্টাইল ও মারমার কাটকাট কৌশল আয়ত্ত করাটাই তাঁর কাছে ছিল আসল চ্যালেঞ্জ। ভিডিও গেমের বিভিন্ন চরিত্রের যুদ্ধের ধরন ভালোভাবে রপ্ত করতে তাঁকে বিশেষ হোমওয়ার্কও করতে হয়েছে।
সবচেয়ে বড় আকর্ষণ হলো, এই আন্তর্জাতিক প্রজেক্টে বিদ্যুতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন হলিউডের একগুচ্ছ বিশ্বখ্যাত তারকা। ছবিতে কেন মাস্টার্স চরিত্রে নোয়া সেন্টিনো, রিউ চরিত্রে অ্যান্ড্রু কোজি এবং ব্লাঙ্কা চরিত্রে জনপ্রিয় ‘অ্যাকুয়াম্যান’ খ্যাত তারকা জেসন মোমোয়া-কে দেখা যাবে। এছাড়াও এই হাই-প্রোফাইল কাস্টিংয়ে রয়েছেন কলিনা লিয়াং, ডেভিড ডাস্টমালচিয়ান, কুস্তিগীর কোডি রোডস এবং বিখ্যাত র্যাপার ফিফটি সেন্ট-এর মতো তারকারা। বলিউড পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চে বিদ্যুতের এই বিরাট সাফল্য এখন চর্চায় তুঙ্গে।