“চারপাশে সব মদ্যপ লোক বসে…” শেষ ফোনে এ কথাই বলেছিলেন তরুণী! ট্রেন থেকে উধাও হয়ে রেললাইনে মিলল দেহ

গুয়াহাটিগামী চলন্ত ট্রেনে এক তরুণী নৃত্যশিল্পীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিশাখাপত্তনম থেকে বাড়ি ফেরার পথে ২১ বছর বয়সি ওই কলেজছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। পরে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় রেললাইনের ধার থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে বন্ধুদের ফোনে তিনি কামরায় কয়েকজন মদ্যপ যুবকের উপস্থিতি নিয়ে চরম আতঙ্কের কথা জানিয়েছিলেন বলে দাবি পরিবারের।
মৃত ছাত্রী গুয়াহাটির বি বড়ুয়া কলেজের বিথীকা বা বোন্ডা এলাকার বাসিন্দা ছিলেন। একটি সাংস্কৃতিক নাচের দলের সঙ্গে তিনি বিশাখাপত্তনমে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তবে গুয়াহাটিতে পরীক্ষা থাকায় নাচের দলের অন্যান্য সদস্যদের আগেই তিনি একা বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৬ অক্টোবর রাত ১২টা ১৫ মিনিট নাগাদ বিশাখাপত্তনম স্টেশন থেকে ২২৫০৩ নম্বর কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠেন ওই তরুণী। স্টেশনে তাঁকে এক পরিচিত ব্যক্তি তুলে দিয়েও এসেছিলেন। ছাত্রীর বৌদির দেওয়া তথ্য অনুযায়ী, ট্রেনে ওঠার পর তিনি পরিবার ও এক বন্ধুকে ফোন করে জানান যে, কামরায় বেশ কয়েকজন মদ্যপ পুরুষ বসে রয়েছে এবং তাদের আচরণে তিনি অত্যন্ত অস্বস্তি ও ভয় বোধ করছেন। এমনকি ট্রেনের ভিতরের একটি ভিডিও ক্লিপও তিনি এক বন্ধুকে পাঠিয়েছিলেন।
এরপর রাত আড়াইটে থেকে তিনটে নাগাদ পরিবারের সঙ্গে তাঁর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গেই রেলের হেল্পলাইনে যোগাযোগ করেন এবং ট্রেনের বিবরণ দিয়ে সাহায্যের আবেদন জানান। তাঁদের আশ্বাস দেওয়া হয়েছিল যে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-কে ছাত্রীর খোঁজে পাঠানো হচ্ছে। কিন্তু এরপর আর কোনো ইতিবাচক বা নিশ্চিত খবর পরিবার পায়নি বলে অভিযোগ।
অবশেষে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে রেললাইনের ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, ট্রেনের কামরার মধ্যেই ওই ছাত্রীর দুটি ব্যাগ সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রেল পুলিশের প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরিবারের স্পষ্ট দাবি, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, এর নেপথ্যে রয়েছে সুনির্দিষ্ট অপরাধমূলক খুন কিংবা জবরদস্তির ঘটনা। রেল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও গাফিলতির অভিযোগ তুলে এই ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে শোকার্ত পরিবার।