পিএম বিকশিত ভারত রোজগার যোজনায় মিলবে ১৫০০০ টাকা, জেনেনিন কী কী শর্ত?

দেশের তরুণ-তরুণীদের কর্মসংস্থানে উৎসাহিত করতে এবং চাকরিতে যোগদানে উৎসাহ জোগাতে এক বিরাট পদক্ষেপ করল কেন্দ্র সরকার। নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা’ (PM Viksit Bharat Rozgar Yojana)। এই প্রকল্পের আওতায় দেশের যোগ্য যুবসমাজ প্রথমবার সংগঠিত ক্ষেত্রে চাকরি শুরু করার পর সরাসরি ইনসেন্টিভ হিসেবে ১৫,০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
কীভাবে অ্যাকাউন্টে পৌঁছবে টাকা? সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে এবং দুর্নীতির কোনো সুযোগ না রেখে এই প্রকল্পের সমস্ত অর্থ সরাসরি বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি (DBT – Direct Benefit Transfer) প্রক্রিয়ার মাধ্যমে পাঠানো হবে। তবে পুরো টাকাটা একসঙ্গে দেওয়া হচ্ছে না। বরং দুটি কিস্তিতে এই ১৫,০০০ টাকা হাতে পাবেন প্রার্থীরা:
-
চাকরি করার প্রথম ৬ মাস সফলভাবে সম্পূর্ণ করলে প্রথম কিস্তিতে মিলবে ৭,৫০০ টাকা।
-
এরপর ১২ মাস বা এক বছর চাকরি পূর্ণ করলে দ্বিতীয় কিস্তিতে দেওয়া হবে বাকি ৭,৫০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, কর্মক্ষেত্রে নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের টিকিটে রাখা এবং কাজের স্থায়িত্ব বাড়াতেই সরকারের এই সুচিন্তিত উদ্যোগ।
এই প্রকল্পের সুবিধা পেতে গেলে কী কী যোগ্যতা বা শর্ত মানতে হবে? সবাই কিন্তু এই সুবিধা পাবেন না। এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত বেঁধে দেওয়া হয়েছে:
-
প্রথমবার কর্মক্ষেত্রে প্রবেশ: আবেদনকারীকে অবশ্যই প্রথমবার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) বা দেশের অন্য কোনো অনুমোদিত ট্রাস্টের সদস্য হতে হবে। অর্থাৎ যাঁরা এর আগে দীর্ঘদিন ধরে চাকরি করছেন, তাঁরা এই সুবিধার আওতায় আসবেন না।
-
বেতনের ঊর্ধ্বসীমা: এই প্রকল্পের সুবিধা পেতে হলে প্রার্থীর মাসিক আয় সর্বোচ্চ ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে। এর বেশি আয় হলে এই ইনসেন্টিভ পাওয়া যাবে না।
-
অন্যান্য আবশ্যিক শর্ত: চাকরির শুরুতেই পুরো টাকা পাওয়া যাবে না, অন্তত ৬ মাস কাজ করতেই হবে। পাশাপাশি, প্রার্থীর ইউএএন (UAN) নম্বরটি সক্রিয় থাকা অত্যন্ত জরুরি। এ ছাড়াও উমঙ্গ (Umang) অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন বা মুখবয়ব যাচাইকরণের প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করলেই সরাসরি টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে।