৩ দশক পর আম্বানিদের মেগা ইতিহাস! Jio IPO নিয়ে মুখ খুললেন আকাশ, লিস্টিংয়ের দিন ক্ষণ হতেই বাজারে তোলপাড়

শেয়ার বাজারের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। দীর্ঘ প্রায় তিন দশক পর বাজার কাঁপাতে আসছে রিলায়েন্স গ্রুপের প্রথম ইনিশিয়াল পাবলিক অফারিং বা আইপিও (IPO)। রিলায়েন্স জিও-র বহু প্রতীক্ষিত এই মেগা আইপিও নিয়ে মুখ খুললেন সংস্থাটির চেয়ারম্যান আকাশ আম্বানি। নতুন দিল্লিতে আয়োজিত ‘ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৬’ (IMC 2026)-এর মঞ্চে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই আইপিও সংস্থাটির জন্য কোনও চূড়ান্ত গন্তব্য নয়, বরং বিনিয়োগকারীদের জন্য এক নতুন যাত্রার শুরু।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাশ আম্বানি বলেন, “আমি জিও-র এই আইপিও-কে আমাদের শেয়ারহোল্ডারদের প্রতি একটি অত্যন্ত বড় দায়িত্ব হিসেবে দেখছি। রিলায়েন্স গ্রুপে শেয়ারহোল্ডারদের ভ্যালু সুনিশ্চিত করার এক দীর্ঘ ও স্পষ্ট ঐতিহ্য রয়েছে। দীর্ঘ তিন দশক পর আমাদের গ্রুপের কোনও কোম্পানি বাজারে পাবলিক অফারিং নিয়ে আসছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও যোগ করেন, বাজারে শেয়ার তালিকাভুক্ত হওয়াই জিও-র শেষ কথা নয়। এর আসল লক্ষ্য হবে শেয়ারহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদী উন্নতি ও সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করা।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিজিটাল হোল্ডিং সংস্থা ‘জিও প্ল্যাটফর্মস লিমিটেড’-এর অধীনে থাকা এই টেলিকম জায়ান্টের প্রাথমিক পাবলিক অফারিং নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ এখন তুঙ্গে। বাজার সূত্রের জোর গুঞ্জন, চলতি অক্টোবরের শেষভাগেই বাজারে আসতে চলেছে এই আকর্ষণীয় আইপিও। প্রাথমিক তথ্য অনুযায়ী, আগামী ২১ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে আইপিও-র সাবস্ক্রিপশন খুলতে পারে এবং চলতি মাসেই শেয়ার বাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে। ৩ দশকের ব্যবধানে রিলায়েন্সের এই মেগা এন্ট্রি দালাল স্ট্রিটে নতুন রেকর্ড গড়বে বলেই মনে করছেন অর্থ বিশেষজ্ঞরা।