পুজোয় রাতভোর ঠাকুর দেখা নিয়ে বিরাট সুখবর! সপ্তমী থেকে নবমী মেট্রোর মেগা ঘোষণা, দেখুন কমপ্লিট টাইমটেবিল

দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে রাতে বাড়ি ফেরা নিয়ে চিন্তা? আর কোনও টেনশন নেই! মণ্ডপে মণ্ডপে ঘুরে ভোররাতেও নিশ্চিন্তে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রতিবছরের ঐতিহ্য বজায় রেখে এবারও পুজোর দিনগুলিতে রাতভর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মেট্রোর বিশেষ সময়সূচি ও ট্রেনের সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল মেট্রো রেল।
মেট্রো কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ) এবং গ্রিন লাইন (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) রুটে সপ্তমী, মহাষ্টমী এবং মহানবমীতে (১৭ থেকে ২০ অক্টোবর) টানা সারারাত মিলবে মেট্রো পরিষেবা। ঠাকুরদর্শনার্থীদের ভিড় সামলাতে এই তিনদিন দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত প্রতি ৬ থেকে ৮ মিনিট অন্তর ছোটানো হবে ট্রেন।
এক নজরে দেখে নিন কোন রুটে কেমন থাকবে মেট্রোর সূচি:
-
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – কবি সুভাষ):
-
পঞ্চমী ও ষষ্ঠী: সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে মোট ২৮৪টি ট্রেন। ব্যস্ত সময়ে প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো মিলবে। শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৪৮ ও ১০টা ৫০ মিনিটে।
-
সপ্তমী, অষ্টমী ও নবমী: দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত চলবে ২৪৮টি ট্রেন। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৩টে ৪৬ এবং ৩টে ৪৮ মিনিটে। স্পেশাল ট্রেন মিলবে ভোর ৪টে পর্যন্ত।
-
দশমী: দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ১৪০টি ট্রেন।
-
-
গ্রিন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর ফাইভ):
-
পঞ্চমী ও ষষ্ঠী: সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৪০টি ট্রেন চলবে।
-
সপ্তমী থেকে নবমী: দুপুর ১টা ৩০ মিনিট থেকে পরদিন ভোর ৪টে পর্যন্ত চালু থাকবে ১৯২টি ট্রেন। শেষ ট্রেন ছাড়বে রাত ৩টে ৫২ (হাওড়া ময়দান) ও ৩টে ৫৯ মিনিটে (সেক্টর ফাইভ)।
-
-
অন্যান্য রুট: নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর (ইয়েলো লাইন) এবং জোকা-মাঝেরহাট (পার্পল লাইন) রুটেও বিশেষ সময়সূচিতে ট্রেন চলবে। তবে কবি সুভাষ থেকে বেলেঘাটা (অরেঞ্জ লাইন) রুটে সপ্তমী থেকে দশমী পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট কাউন্টারে লম্বা লাইন এড়াতে দর্শনার্থীরা ‘AAMAR KOLKATA METRO’ অ্যাপ, কিউআর কোড টিকিট কিংবা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারেন। পুজোর দিনগুলিতে শহরবাসীর অনায়াস যাতায়াত সুনিশ্চিত করতে স্টেশনগুলিতে বাড়তি ভিড় নিয়ন্ত্রণ কর্মী ও আরপিএফ জওয়ান মোতায়েন রাখা হবে।