২০৩১ বিধানসভায় নতুন ধামাকা! রাজনৈতিক দল গঠন করছেন সুপারস্টার ধনুশ? তুঙ্গে জল্পনা

দক্ষিণী চলচ্চিত্রের পর এবার রাজনীতির ময়দানেও কি বড় চমক আসতে চলেছে? তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয়ের রাজনীতিতে অভাবনীয় সাফল্যের পর এবার সেই পথেই পা বাড়াতে চলেছেন অভিনেতা ধনুশ। রাজনৈতিক অলিন্দে জোরালো গুঞ্জন, ২০৩১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে এখন থেকেই নিখুঁত নীল নকশা তৈরি করছেন এই জনপ্রিয় অভিনেতা। আর এই নতুন ইনিংস শুরুর নেপথ্যে ধনুশের প্রাক্তন শ্বশুর তথা দক্ষিণের ‘থলাইভা’ রজনীকান্তের পূর্ণ সমর্থন রয়েছে বলে খবর।

দল গঠন ও নিবন্ধনের কাজ শেষ?

তামিল সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী, ধনুশ ইতিমধ্যে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমনকি ভারতের নির্বাচন কমিশনে তাঁর নতুন রাজনৈতিক দলের নামও নাকি নথিভুক্ত করা হয়ে গিয়েছে। সম্প্রতি রজনীকান্তের সঙ্গে ধনুশের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এই জল্পনা চরম মাত্রা নিয়েছে। রজনীকান্ত নাকি নিজেই খুব শিগগির ধনুশের রাজনৈতিক অভিষেকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

বিজয়ের জোয়ার সামলাতেই কি রজনীকান্তের এই চাল?

প্রসঙ্গত, রজনীকান্ত একসময় রাজনীতিতে আসার আনুষ্ঠানিক ঘোষণা করেও শেষ পর্যন্ত পিছু হটেছিলেন। অন্যদিকে, অভিনেতা বিজয় ২০২৪ সালে ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (TVK) তৈরি করে রাজনৈতিক ময়দানে প্রবেশ করেন এবং মাত্র কয়েক বছরের মধ্যে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়ে দক্ষিণি রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করেছেন। বিজয়ের এই অভূতপূর্ব উত্থানের পর এবার রজনীকান্ত তাঁর প্রাক্তন জামাতা ধনুশকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

মাঠ সাজাচ্ছেন ধনুশ

রাজনীতিতে অভিষেকের খবর আনুষ্ঠানিকভাবে অস্বীকার না করলেও, ধনুশ যে ভেতর ভেতরে প্রস্তুতি নিচ্ছেন তার স্পষ্ট ইঙ্গিত মিলছে। তিনি ইতিমধ্যে তাঁর অল-ইন্ডিয়া ফ্যান ক্লাবগুলোকে জেলা স্তরে নতুন করে পুনর্গঠন করছেন। প্রতিটি জেলায় নতুন কর্মকর্তা নিয়োগ এবং সদস্য সংখ্যা বাড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে, যাকে রাজনীতিতে নামার প্রাথমিক প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

ধনুশ ছাড়াও সুরিয়া, শিবকার্তিকেয়ন ও বিজয় সেতুপতির মতো দক্ষিণি তারকাদের রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিজয়ের মতো ধনুশও রাজনীতির পিচে কতটা সাফল্য পান, তা সময়ই বলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *