পেট্রল পাম্প সিল করতে যাওয়াই কাল! ডিউটিতে থাকা অবস্থায় সরকারি কর্মকর্তাকে নৃশংসভাবে কুপিয়ে খুন, শিউরে ওঠা কাণ্ড

ডিউটি করতে গিয়েই মর্মান্তিক পরিণতি! পেট্রল পাম্প সিল করতে গিয়ে খুন হলেন ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার
মহারাষ্ট্রের হিংগোলি জেলা থেকে এক অত্যন্ত চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে খুন হতে হলো ইন্ডিয়ান অয়েলের এক উচ্চপদস্থ ম্যানেজারকে। পেট্রল পাম্প সিল করার একটি নির্দেশিকা কার্যকর করতে গিয়ে বচসার জেরে প্রাণ হারান ওই আধিকারিক। এই রোমহর্ষক ঘটনায় গোটা রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিংগোলি জেলার চণ্ডী গ্রামে একটি বন্ধ থাকা পেট্রল পাম্প সিল করার এবং তার দখল নেওয়ার প্রক্রিয়া চলছিল। এই কাজের দায়িত্বে থাকা ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার মহেশ শেলকে তাঁর টিমকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছান। কিন্তু সেখানে পৌঁছানোর পরেই স্থানীয় পাম্প পরিচালকদের পরিবারের সদস্যদের সঙ্গে তাঁদের তীব্র বচসা শুরু হয়।
পরিস্থিতি দ্রুত হাতের বাইরে চলে যায় এবং মৌখিক তর্কাতর্কি থেকে শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই উত্তেজনার মুহূর্তেই হঠাৎ করে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালানো হয় মহেশ শেলকের ওপর। গুরুতর জখম অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে দায়িত্ব পালন করতে গিয়ে এক সরকারি আধিকারিককে এভাবে খুনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি সোশ্যাল মিডিয়ায় কড়া নিন্দা জানিয়ে মহারাষ্ট্র সরকার ও পুলিশ প্রশাসনকে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।