২ কোটির পেনাল্টি ছাড়াই শো থেকে বিদায়! ‘রাইজ অ্যান্ড ফল ২’ ছেড়ে কেন বেরিয়ে গেলেন তেজ প্রতাপ?

করণ প্যাটেলের পর এবার ধাক্কা! ওটিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’ থেকে বড় সিদ্ধান্ত নিলেন তেজ প্রতাপ যাদব
জনপ্রিয় ওটিটি রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’ (Rise And Fall S2) ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার শেষ নেই। বীরেন্দ্র সেহওয়াগের সঞ্চালনায় চলা এই শোয়ের শুরু থেকেই একের পর এক চমক ও নাটকীয় মোড় সামনে আসছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় শোয়ের অন্দরমহলে বড়সড় ওলটপালট শুরু হয়েছে। অভিনেতা করণ প্যাটেলের পর এবার এই জনপ্রিয় শো থেকে আচমকাই বেরিয়ে গেলেন বিহারের রাজনৈতিক ব্যক্তিত্ব তেজ প্রতাপ যাদব।
প্রাইম ভিডিওতে সম্প্রচারিত এই শোয়ের শুরুটা বেশ জমজমাট হলেও মাত্র দুই সপ্তাহের মধ্যেই একাধিক প্রতিযোগী বিভিন্ন কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। শুরুতে শিবেশ তোমর হাতাহাতির ঘটনায় এবং পরবর্তীতে অনীশ ভগত শো থেকে বিদায় নেন। এরপর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শো ছাড়েন অভিনেতা করণ প্যাটেল। ডায়াবেটিস ও নিয়মিত ইনসুলিনের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই তাঁকে সরে দাঁড়াতে হয়েছিল।
করেনের পথ অনুসরণ করে এবার শো ছাড়লেন তেজ প্রতাপ যাদবও। শোয়ে নিজের মজাদার ও প্রাণবন্ত মেজাজ দিয়ে তিনি আলাদা জায়গা করে নিয়েছিলেন। এমনকি এই মরশুমের প্রথম ‘আল্টিমেট রুলার’-এর খেতাবও জিতেছিলেন তিনি। তবে নিজের রাজনৈতিক এবং আইনি ব্যস্ততার কারণে তাঁকে এই রিয়্যালিটি শো থেকে বিদায় নিতে হয়েছে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, সাধারণত শো মাঝপথে ছেড়ে চলে গেলে যে বিপুল পরিমাণ আর্থিক জরিমানা দিতে হয়, তেজ প্রতাপের ক্ষেত্রে সেই নিয়ম শিথিল করা হয়েছে এবং কোনো পেনাল্টি ছাড়াই তাঁকে শো ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে।
একাধিক প্রতিযোগীর এই আচমকা প্রস্থানে শোয়ের অন্দরমহলে এখন নতুন সমীকরণ তৈরি হয়েছে। খুব শীঘ্রই নির্মাতারা এই শোয়ে ওয়াইল্ড কার্ড এন্ট্রি আনার পরিকল্পনা করছেন, যার ফলে আগামী দিনে প্রতিযোগিতার লড়াই আরও বেশি রোমাঞ্চকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।