একেবারেই লাইসেন্স বাতিল! রিজার্ভ ব্যাঙ্কের মেগা ঘোষণায় বড় ধাক্কা খেল পেটিএম

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেডকে (PPBL) তাদের অনুমোদিত তফসিলি ব্যাংকের (Scheduled Bank) তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে। ব্যাংকটির ব্যাংকিং লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল, আর এবার এই সংক্রান্ত পরবর্তী কঠোর পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ ব্যাংক।

কেন এই কড়া পদক্ষেপ নিল আরবিআই? কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৪ এপ্রিল পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স বাতিল করা হয়েছিল। ব্যাংকটির পরিচালনা ব্যবস্থা এবং দৈনন্দিন কার্যক্রম সাধারণ আমানতকারীদের স্বার্থের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলছিল বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরবিআইয়ের স্পষ্ট অভিযোগ ছিল যে, ওই ব্যাংকটি তাদের লাইসেন্সের শর্তাবলী এবং ব্যাংকিং বিধিমালা কঠোরভাবে মেনে চলতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর জেরে পেটিএম পেমেন্টস ব্যাংকের সমস্ত ব্যাংকিং কার্যক্রম গুটিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয় এবং ব্যাংকটি বন্ধ করার জন্য হাইকোর্টেও আবেদন করে আরবিআই।

অবশ্য পেটিএম পেমেন্টস ব্যাংকের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ হুট করে নেওয়া হয়নি। এর আগে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকেই ব্যাংকটির ওপর বিভিন্ন ব্যবসায়িক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেছিল কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের তাঁদের জমানো অর্থ তোলার অনুমতি দেওয়া হলেও, নতুন আমানত গ্রহণ, ক্রেডিট লেনদেনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাংকিং পরিষেবার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। এর ফলে পরবর্তী সময়ে পেটিএমের পেমেন্টস ব্যবসায় অন্যান্য সহযোগী ব্যাংকগুলির ভূমিকা বাড়তে শুরু করে।

তফসিলি তালিকা থেকে বাদ পড়ার অর্থ কী? রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে ১৯৩৪ সালের আইন অনুযায়ী গঠিত তফসিলি ব্যাংকের মর্যাদা সম্পূর্ণভাবে হারাতে চলেছে এই সংস্থা। তবে দীর্ঘদিন ধরেই পেটিএমের এই আইনি ও প্রশাসনিক জটিলতা চলার কারণে ডিজিটাল লেনদেনের বাজারে এর প্রভাব সামাল দিতে ইতিমধ্যেই অন্যান্য অংশীদার ব্যাংকগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধে কাজ চালিয়ে যাচ্ছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *