ভোটের আগেই কড়া বার্তা কমিশনের! রাজ্য জুড়ে হিংসামুক্ত পুরভোট করাতে জেলাশাসকদের কী নির্দেশ দেওয়া হলো?

হিংসামুক্ত পুরভোট চাই! জেলাশাসকদের কড়া বার্তা দিয়ে আগাম প্রস্তুতির নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনারের
আসন্ন পুরভোটকে সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত করতে এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামল রাজ্য নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর পুরভোট এবং ২ ডিসেম্বর ভোটগণনার প্রস্তাব সামনে রেখেই রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণা গুপ্তা। এদিন সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের (DM) সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন কমিশনার।
বৈঠক সূত্রে জানা গেছে, ভোট চলাকালীন যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য পুর এলাকার স্পর্শকাতর জায়গাগুলির দ্রুত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, অতীতে কোন কোন এলাকায় নির্বাচনী হিংসা বা গোলমালের রেকর্ড রয়েছে, তা খতিয়ে দেখে আগাম সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর বিশেষ জোর দিয়েছে কমিশন। রাজ্য সরকারের কাছ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার পরেই ভোটের চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।