প্লেব্যাক ছাড়ার পরেই বিরাট ঘোষণা অরিজিৎ সিংয়ের! কেরিয়ারের ২০ বছর পূর্তিতে কী করতে চলেছেন গায়ক?

আচমকাই সিনেমার প্লেব্যাক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা সোশাল মিডিয়ায় ফলাও করে স্পষ্ট জানিয়েছিলেন অরিজিৎ সিং। তবে প্লেব্যাক ছাড়ার ঘোষণা করার সঙ্গেই তিনি এও স্পষ্ট করে দিয়েছিলেন যে, প্লেব্যাক না করলেও লাইভ কনসার্টে তিনি পুরোমাত্রায় মন দেবেন। আর যেমন কথা, তেমনই কাজ! সঙ্গীত দুনিয়ায় নিজের কেরিয়ারের সফল ২০ বছর পূর্ণ করতেই এবার এক বিরাট ও চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে ফেললেন দেশের অন্যতম প্রিয় গায়ক অরিজিৎ সিং।
৯টি শহরে স্টেডিয়াম-স্কেল ট্যুরের ঘোষণা
সঙ্গীত দুনিয়ায় সাফল্যের সঙ্গে দুই দশক পার করে ফেলার এই বিশেষ মাইলফলক উদযাপন করতে চলতি বছরের শুরুতেই অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে ভারতের ৯টি প্রধান শহরে এক বিশাল স্টেডিয়াম-স্কেল লাইভ ট্যুরের ঘোষণা করেছেন তিনি। আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, মুম্বই, বেঙ্গালুরু, নতুন দিল্লি, পুনে, ইন্দোর এবং হায়দরাবাদ—এই ৯টি মেগা সিটিতে অনুষ্ঠিত হবে তাঁর এই বহু প্রতীক্ষিত কনসার্টগুলি।
নিজের এই বিশেষ ট্যুর সম্পর্কে বলতে গিয়ে অরিজিৎ সিং এক বিবৃতিতে জানান, “সঙ্গীতের ২০ বছরের এই সফর আমার কাছে অত্যন্ত কৃতজ্ঞতার। এই যাত্রার সবচেয়ে সুন্দর অংশটি সবসময়ই এখানকার মানুষ ও শ্রোতারা, যাঁরা আমার গানগুলোকে নিজেদের জীবনের অংশ করে নিয়েছেন।” তিনি আরও যোগ করেন, “ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো এবং স্টেডিয়ামের মঞ্চে সেই ভালোবাসাকে সরাসরি অনুভব করার জন্য আমি সত্যিই অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
কনসার্টে থাকছে তাক লাগানো প্রযুক্তি ও আয়োজন
বিশেষ এই মিউজিক্যাল অভিজ্ঞতাকে ভক্তদের কাছে এক অন্য উচ্চতায় পৌঁছে দিতে কনসার্টে থাকছে একাধিক অত্যাধুনিক আয়োজন। এর মধ্যে থাকবে ৩৬০-ডিগ্রি স্পেশাল অডিও সিস্টেম, কাইনেটিক এলইডি ফিক্সচার, প্যানোরামিক স্ক্রিন, লেজার অ্যারে এবং চোখ ধাঁধানো স্টেডিয়াম-স্কেল পাইরোটুডনিক্স। লাইভ প্রোডাকশনের এই বিশাল আয়োজন উপস্থিত দর্শকদের একেবারে মন্ত্রমুগ্ধ করে তুলবে।
ট্যুরের অন্যতম আয়োজক ‘টিম ইনোভেশন’-এর প্রতিষ্ঠাতা মোহিত বিজলানি জানান, দেশের মানুষের কাছে এই মাত্রার একটি বিশাল দেশব্যাপী ট্যুর উপস্থাপন করতে পেরে তাঁরা অত্যন্ত গর্বিত। অন্যদিকে, টিকিট পার্টনার ‘thumpN’-এর সিইও বরুণ খারে বলেন, “খুব কম এমন শিল্পী আছেন যাঁদের কোনো ঘোষণার পর গোটা দেশ এক বাক্যে প্রশ্ন তোলে—টিকিট কবে থেকে বিক্রি শুরু হবে? অরিজিৎ সিং তাঁদের মধ্যে অন্যতম। হাজার হাজার মানুষ একসঙ্গে দাঁড়িয়ে একই সুরে গান গাইবেন—এই শো ঠিক তেমনই এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।”