AC-ব্লাস্টে মারাত্মক অগ্নিদগ্ধ বিধায়ক বায়রন বিশ্বাস! উড়িয়ে নিয়ে যাওয়া হলো দিল্লি AIIMS-এ

ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিল্লির এইমস (AIIMS)-এ চিকিৎসাধীন রয়েছেন সামশেরগঞ্জের বিধায়ক বায়রন বিশ্বাস। রবিবার মুর্শিদাবাদের একটি বেসরকারি হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে এয়ারলিফট করে রাজধানীতে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তাঁর উন্নত চিকিৎসা চলছে।
গত শনিবার দুপুরে সামশেরগঞ্জে নিজের বাসভবনেই আকস্মিক অগ্নিকাণ্ডের শিকার হন এই বিধায়ক। তাঁর পরিবারের দাবি, বাড়িতে শর্ট সার্কিট থেকেই এই বিপত্তি ঘটে। ঘটনার সময় দোতলার ঘরে ঘুমিয়েছিলেন বায়রন বিশ্বাস। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণে ইন্ডোর এসি ইউনিটে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সেই আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। নিজে আগুন নেভানোর চেষ্টা করতে গিয়েই তিনি গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন বলে জানিয়েছেন তাঁর দাদা মিল্টন বিশ্বাস।
ঘটনার সময় বায়রনের দুই ভাই ব্যবসার কাজে বাড়ির বাইরে ছিলেন। খবর পেতেই তাঁরা দ্রুত বাড়ি ফিরে আসেন। চিকিৎসকদের সূত্রে খবর, বিধায়কের শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে। বিশেষ করে তাঁর দুটি পায়ের হাঁটু থেকে নীচের অংশ এবং একটি হাতের কব্জি মারাত্মকভাবে জখম হয়েছে।
কেন দিল্লিতে স্থানান্তরিত করা হলো?
প্রাথমিক অবস্থায় তিনি স্থিতিশীল ছিলেন জানালেও, মুর্শিদাবাদের হাসপাতালে ৪৮ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। জানা গিয়েছে, বায়রন বিশ্বাসের ডায়াবেটিস রয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তাঁর আচমকাই সুগার লেভেল নেমে যায়। নতুন করে কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় এবং ক্ষত দ্রুত সারাতে তাঁকে ঝুঁকি না নিয়ে অবিলম্বে দিল্লির এইমস-এ স্থানান্তরের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।