‘কপ্টার সংস্কৃতি থেকে আদর্শচ্যুতি!’ কংগ্রেসের হাত ধরে অরবিন্দ কেজরিওয়ালকে তুলোধনা প্রিয়াঙ্কার

অরবিন্দ কেজরিওয়ালের দলকে বড় ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিলেন আম আদমি পার্টির (AAP) জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর। কেজরিওয়ালের সঙ্গে থেকে আর বিজেপি বিরোধিতা করা সম্ভব নয়— এই বিস্ফোরক দাবি করেই হাত শিবির নাম লিখিয়েছেন তিনি। প্রিয়াঙ্কার পাশাপাশি এদিন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক শ্যাম সুন্দর শর্মা এবং সাংবাদিক রজত রাকেশ ট্যান্ডনও কংগ্রেসে যোগ দিয়েছেন।

দিল্লিতে কংগ্রেস সদর দফতরে রাজীব শুক্লা, পবন খেরা এবং দিল্লি কংগ্রেস সভাপতি দেবেন্দর যাদবের উপস্থিতিতে প্রিয়াঙ্কা সহ বিশিষ্টরা কংগ্রেসে যোগ দেন। দলবদলের পর এক সাংবাদিক সম্মেলনে আপের বর্তমান কাজকর্ম ও নীতির তীব্র সমালোচনা করেন প্রিয়াঙ্কা। পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা ২০১৩ সালে কেজরিওয়ালের হাত ধরে সাধারণ কর্মী হিসেবে আপে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের এপ্রিলে তিনি দলের জাতীয় মুখপাত্রের দায়িত্ব পান। কিন্তু সাম্প্রতিককালে দলের গতিপ্রকৃতি দেখে তিনি ক্ষুব্ধ ছিলেন।

এদিন প্রিয়াঙ্কা অভিযোগ করেন, “আম আদমি পার্টি তার শুরুর দিনের নীতি থেকে পুরোপুরি সরে এসেছে। গাড়ি বা বাংলো না নেওয়ার যে আদর্শ নিয়ে আপ পথ চলা শুরু করেছিল, আজ তা অতীত। এখন দলের নেতারা যাতায়াতের জন্য প্রাইভেট হেলিকপ্টার ব্যবহার করছেন।” পাঞ্জাবের উদাহরণ টেনে তিনি বলেন, বুথ স্তরের অভিজ্ঞতা ছাড়াই ভিনরাজ্য থেকে আসা নতুনদের বড় পদ ও সুযোগ পাইয়ে দেওয়া হচ্ছে।

কংগ্রেসে যোগ দিয়ে রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ হন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “গোটা প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে রাহুল গান্ধীকে অপমান করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি কোনোদিন দমে যাননি। ক্যামেরার সামনে নাটক করে চোখের জল না ফেলা একমাত্র নেতাই হলেন রাহুল গান্ধী। সততাই হলো কংগ্রেসের আসল আত্মা।” বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধীদের ভোট যাতে ভাগ না হয়, সেই আহ্বান জানিয়ে দেশের গণতন্ত্র রক্ষায় রাহুল গান্ধীর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *