মেগা দুর্নীতিতে ফেঁসে গেলেন জনপ্রিয় বলিউড অভিনেতা! টানা ৮ ঘণ্টা ম্যারাথন জেরা করল পুলিশ

বলিউড অন্দরে ফের দানা বেঁধেছে বড়সড় আইনি বিতর্ক। নাম জড়াল জনপ্রিয় অভিনেতা দিনো মোড়িয়ার। মুম্বইয়ের বহুল আলোচিত ‘মিঠী নদী’ (Mithi River) ড্রেজিং ও পরিষ্কার প্রকল্পের প্রায় সাড়ে চৌষট্টি কোটি টাকার দুর্নীতি মামলায় অভিনেতাকে জেরা করেছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। বান্দ্রায় অভিনেতার নিজস্ব বাসভবনে গিয়ে একটানা প্রায় আট ঘণ্টা ধরে চলে এই জিজ্ঞাসাবাদ। প্রাথমিক জেরা এবং গ্রেফতারির প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আপাতত তাঁকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও, এই ঘটনায় বিনোদন দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
কী এই কোটি টাকার কেলেঙ্কারি?
মুম্বইয়ের মিঠী নদীর পলি অপসারণ এবং সৌন্দর্যায়ন প্রকল্পের সঙ্গে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এই প্রোজেক্টের নামে ভুয়া লেনদেন ও তছরুপের জেরে বৃহন্মুম্বই পৌরনিগম (BMC)-এর প্রায় ৬৫.৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ। এর আগেও এই মামলায় অভিনেতার বাড়িতে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
তদন্তে নেমে ইওডব্লিউ (EOW)-র নজরে এসেছে ১৮ লক্ষ টাকার একটি সন্দেহজনক লেনদেন। তদন্তকারী আধিকারিকদের দাবি, কেতন কদম নামক এই মামলার অন্যতম প্রধান অভিযুক্তের কাছ থেকে টাকাটি স্থানান্তরিত হয়েছিল ‘UBO Ridez’ নামের একটি সংস্থায়, যার ডিরেক্টর দিনো মোড়িয়ার ভাই স্যান্টিনো মোড়িয়া। ভাইয়ের সংস্থার মাধ্যমে আসা এই টাকার উৎস ও লেনদেনের প্রকৃত কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, এই আর্থিক কেলেঙ্কারিতে অভিনেতার ভূমিকা কতটা, তা পরিষ্কার করতে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে।