সোজা অমিত শাহের পায়ে ‘সারেন্ডার’ করতে চান হুমায়ুন কবীর! রেজিনগরের উপনির্বাচনের আগে এ কী বললেন বিধায়ক?

নন্দীগ্রামের মতোই এবার রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্র। আগামী ৬ অক্টোবর এই আসনে হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনির্বাচন। ঠিক তার আগে সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য করলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীর। উন্নয়নের স্বার্থে এবং রেজিনগরকে ‘মডেল বিধানসভা’ হিসেবে গড়ে তোলার দাবিতে প্রয়োজনে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দ্বারস্থ হওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
কী বলেছেন হুমায়ুন কবীর?
সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবীর প্রকাশ্যেই জানান, মুখ্যমন্ত্রী বা অন্য কেউ প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা না করলে তিনি দিল্লির শরণাপন্ন হতে পিছপা হবেন না। তাঁর কথায়, “আপনার মুখ্যমন্ত্রী বলেছিল জিতলে মডেল বিধানসভা করে দেব, জেতেননি। আমরা আত্মসমর্থন করছি আপনার পায়ে, আপনি আমাদের রেজিনগরটা মডেল বিধানসভা করে দিন মানুষের স্বার্থে।” এখানেই থেমে না থেকে তিনি আরও জানান, প্রয়োজনে তিনি প্লেন ধরে সোজা দিল্লিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে দেখা করবেন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে নিজের দল গঠন করে লড়ে রেজিনগর ও নওদা—দুটি আসনেই জয়লাভ করেছিলেন হুমায়ুন। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় এবার এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, যেখানে প্রায় ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটার রয়েছে।
রাজনৈতিক মহলে শোরগোল ও বিজেপির প্রতিক্রিয়া
এদিকে, হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চর্চা। নন্দীগ্রামের মতো রেজিনগরেও শাসক শিবিরের অন্দরের লড়াই প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক বিশেষজ্ঞরা ভিন্ন ইঙ্গিত দেখছেন। অন্যদিকে, হুমায়ুনকে নিয়ে একেবারেই মাথা ঘামাতে নারাজ বিজেপি। রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকার তাঁকে ‘অচল পয়সা’ বলে কটাক্ষ করে বলেন, “উনি চাইছেন আমার মুখে নাম বলে হাইপ তুলতে। বিজেপিতে ওঁকে কেউ নেবে না।” সবমিলিয়ে, আগামী ৯ অক্টোবর ভোট গণনার পর কার কপালে জয়ের তিলক উঠবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।