টেস্ট খেলার স্বপ্ন অধরাই! হর্ষিত চাহালকে নিয়ে হঠাৎ এমন বড় সিদ্ধান্ত কেন নিলেন?

সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিক অবসর ঘোষণা না করলেও প্রথম শ্রেণির ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানালেন ভারতের অভিজ্ঞ লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল। শুক্রবার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানিয়ে দেন যে, লাল বলের ক্রিকেটে আর তাঁকে দেখা যাবে না। দীর্ঘদিন ধরে জাতীয় দলের স্কোয়াডের বাইরে থাকার পরেই ৩৬ বছর বয়সি এই স্পিনার এই বড় সিদ্ধান্ত নিলেন।
অধরা থেকে গেল টেস্ট খেলার স্বপ্ন
ভারতের হয়ে ৭২টি ওডিআই এবং ৮০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ১২১ ও ৯৬টি উইকেট শিকার করেছেন চাহাল। সীমিত ওভারের ক্রিকেটে দলের অন্যতম ভরসাযোগ্য অস্ত্র হলেও দেশের হয়ে কখনও টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। নিজের টেস্ট ক্যাপ পরার স্বপ্ন বহু বছর ধরে মনে পুষে রাখলেও তা অধরাই রয়ে গেছে। ২০২৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে নর্দাম্পটনশায়ারের হয়ে লর্ডসে মিডলসেক্সের বিরুদ্ধে খেলা ম্যাচটিকেই তিনি লাল বলের কেরিয়ারের শেষ অধ্যায় হিসেবে বেছে নিয়েছেন।
আইপিএল ও সীমিত ওভারের ক্রিকেটে চালিয়ে যাবেন খেলা
প্রথম শ্রেণির ক্রিকেট ও লাল বলের ফরম্যাটকে চিরবিদায় জানালেও সীমিত ওভারের ঘরোয়া ক্রিকেট এবং জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল-এ খেলা চালিয়ে যাবেন চাহাল। ইনস্টাগ্রাম পোস্টে নিজের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করে তিনি লিখেছেন, লাল বল দিয়েই তাঁর ক্রিকেট সফর শুরু হয়েছিল এবং এই ফর্ম্যাট থেকে বিদায় নিলেও তিনি যে এখনও ফুরিয়ে যাননি, তা স্পষ্ট করে দিয়েছেন। আন্তর্জাতিক সীমিত ওভারের ম্যাচে কামব্যাক করার আশাও জিইয়ে রেখেছেন এই তারকা স্পিনার।