“ওঁরা আমাদের নিন্দা করেন না, আমরাও করি না!” অখিলেশের সঙ্গে সুসম্পর্ক নিয়ে মুখ খুলে কী বললেন ব্রিজভূষণ?

উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের হাওয়া লাগতেই রাজ্যের রাজনৈতিক ময়দানে নতুন সমীকরণ নিয়ে জল্পনা তুঙ্গে। বিশেষ করে প্রভাবশালী রাজনৈতিক নেতা তথা প্রাক্তন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এবং সমাজবাদী পার্টির (SP) সুপ্রিমো অখিলেশ যাদবের দীর্ঘদিনের সুসম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। সম্প্রতি অখিলেশ যাদবের প্রশংসাসূচক মন্তব্য করে রাজনৈতিক মহলে বড়সড় হ্যালো তুলেছেন ব্রিজভূষণ।

কী বলেছেন ব্রিজভূষণ শরণ সিং?

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিলেশ যাদবের সঙ্গে নিজের সম্পর্কের সমীকরণ স্পষ্ট করেছেন ব্রিজভূষণ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “অখিলেশ যাদবের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। অখিলেশ যেমন আমাদের সম্পর্কে খারাপ কথা বলেন না, আমরাও তাঁর সম্পর্কে খারাপ কথা বলি না।” এর আগে কংগ্রেস-এসপি জোট প্রসঙ্গে বলতে গিয়েও তিনি মন্তব্য করেছিলেন যে “অখিলেশ ছাড়া সবকিছুই শূন্য।” উত্তরপ্রদেশের রাজনীতিতে এই দুই নেতার পারস্পরিক এই নরম মনোভাব নতুন রাজনৈতিক গুঞ্জনের জন্ম দিয়েছে।

জল্পনা উসকে দিল অতীতের ইতিহাস

ব্রিজভূষণ শরণ সিংয়ের এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তবে কি তিনি আগামী দিনে গেরুয়া শিবির ছেড়ে সমাজবাদী পার্টিতে ভিড়তে চলেছেন? যদিও এসপি-তে যোগদানের সম্ভাবনা উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেছেন যে তিনি বিজেপিতেই রয়েছেন এবং অখিলেশ নিজ দলেই আছেন, তবুও ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রয়েছে। উল্লেখ্য, অতীতে ২০০৯ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির টিকিটে কাইজারগঞ্জ থেকে জয়ী হয়ে সংসদেই পা রেখেছিলেন ব্রিজভূষণ। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগ দেন। ভোটের মুখে দুই হেভিওয়েট নেতার এই প্রকাশ্য সখ্যতা উত্তরপ্রদেশের রাজনৈতিক সমীকরণকে যে অনেকটাই প্রভাবিত করবে, তা বলাই বাহুল্য।

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *