মৃত্যুর মুখ থেকে ফিরলেন শতরূপ ঘোষ! ১৬ চাকার লরি গাড়িকে ৬০ মিটার ঠেলতে ঠেলতে নিয়ে গেল নিমেষে

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন সিপিএম (CPIM) নেতা শতরূপ ঘোষ। বাঁকুড়ার সোনামুখীতে দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে ডানকুনি টোল প্লাজা পার করার সময় একটি বিশাল ১৬ চাকার লরি তাঁর গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। শুধু তাই নয়, ধাক্কা মারার পরও চালক গাড়ি না থামিয়ে শতরূপের গাড়িটিকে প্রায় ৫০ থেকে ৬০ মিটার রাস্তা ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যায় বলে অভিযোগ।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শতরূপ ঘোষ জানান, সেসময় গাড়িতে তিনি সহ মোট চারজন ছিলেন। বরাতজোরে সকলে প্রাণে বেঁচে গিয়েছেন এবং কারোর বড় কোনো আঘাত লাগেনি। তবে চোখের সামনে যেভাবে লরিটি গাড়িটিকে পিষে দেওয়ার উপক্রম করেছিল, তা এককথায় ভয়ঙ্কর ছিল।

দুর্ঘটনার পর লরিটির চালককে আটক করে ডানকুনি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এই ঘটনার পরেই একগুচ্ছ চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা। শতরূপের দাবি, অভিযুক্ত লরির চালকের কাছে নাকি সেসময় কোনো আসল ড্রাইভিং লাইসেন্স ছিল না, কেবল ফোনে ছবি ছিল। শুধু তাই নয়, তাঁর আরও অভিযোগ, যে লরিটি এসে ধাক্কা মারল, সেটি নাকি এর আগেই কোনো কারণে থানায় আটক ছিল এবং খানিক আগেই থানা থেকে ছাড়া পেয়েছিল। এমনকি চালক ও খালাসির ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পুলিশ পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং একটি লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *