পিতৃতন্ত্র ভাঙার তর্কে নতুন মোড়! বিজেপি সাংসদের চ্যালেঞ্জ দেখে চোখ কপালে উঠল খোদ হৃতিকের

দিন কয়েক আগে ‘পিতৃতন্ত্র ভাঙার’ ডাক দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই মন্তব্যের সূত্র ধরেই এ বার নতুন করে চর্চায় উঠে এসেছেন বিজেপি সাংসদ তথা প্রয়াত নেত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ। আর সেই ভিডিওতে তাঁর দেওয়া একটি বিশেষ ‘চ্যালেঞ্জ’ নজর কেড়েছে বলিউড অভিনেতা হৃতিক রোশনেরও। যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন শোরগোল।

ঠিক কী বিতর্ক তৈরি হয়েছে?

ঘটনার সূত্রপাত গত মাসে পুণেতে আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ নামক এক অনুষ্ঠানে। সেখানে দেশের ‘প্রচলিত পিতৃতন্ত্র’ ভেঙে দেওয়ার ডাক দিয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর বক্তব্য ছিল, সমাজের সেই মানসিকতা বদলাতে হবে যেখানে মেয়েদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রাখা হয় অথচ ছেলেদের অনেক বেশি স্বাধীনতা দেওয়া হয়। নারীদের উদ্দেশে তিনি বলেন, “একসঙ্গে আমাদের এই পিতৃতন্ত্রকে শেষ করতে হবে—পিতৃতন্ত্রকে ভেঙে ফেলুন। সজোরে কথা বলুন, গর্বিত থাকুন এবং সমাজে নিজের জায়গার জন্য লড়াই করুন।”

রাহুলের এই মন্তব্যের পরই ‘স্ম্যাশ দ্য প্যাট্রিয়ার্কি’ (smash the patriarchy) প্রসঙ্গটি রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের জন্ম দেয়।

বাঁশুরি স্বরাজের চ্যালেঞ্জ ও হৃতিকের প্রতিক্রিয়া

রাহুলের ওই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা হাতিয়ার হিসেবে ‘বন্দে মাতরম’-কে সামনে আনেন বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ। সম্প্রতি কংগ্রেসের সোশ্যাল মিডিয়া আহ্বায়ক রুচিরা চতুর্বেদীর শেয়ার করা একটি রিল ভিডিওতে বাঁশুরিকে বলতে শোনা যায়, “আপনি পিতৃতন্ত্র ভাঙতে চান, ঠিক আছে। আমি বড়দিনের গান গাইতে স্বচ্ছন্দ, সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গাইতেও স্বচ্ছন্দ, শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতেও স্বচ্ছন্দ। তাই আপনাকে চ্যালেঞ্জ করছি—আপনি যদি সত্যিই পিতৃতন্ত্র ভাঙতে চান, তা হলে সম্পূর্ণ ‘বন্দে মাতরম’ গেয়ে দেখান।”

ভাইরাল হওয়া এই ভিডিওটিতেই নিজের বিস্ময় প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা হৃতিক রোশন। রিলটির নীচে মন্তব্য করে তিনি লিখেছেন, “মানেটা কী? এই ভিডিয়ো কী সত্যি ভাবতেই পারছি না।” অভিনেতার এই একটিমাত্র কমেন্ট ঘিরে মুহূর্তেই শুরু হয় তুমুল চর্চা। ইতিমধ্যেই হৃতিকের সেই মন্তব্যের নিচে জমা পড়েছে ১২ হাজারের বেশি কমেন্ট। রাজনৈতিক মঞ্চের এই উত্তপ্ত তর্কে বলিউড তারকার এহেন মন্তব্য নতুন করে আগুনে ঘি ঢালল বলেই মনে করছে রাজনৈতিক ও বিনোদন মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *