‘এটা কি সত্যি!’—বিজেপি নেত্রীর মন্তব্যে তাজ্জব হৃতিক, নেটপাড়ায় চরম বিতর্ক!

পিতৃতন্ত্র এবং মনুবাদী মানসিকতা গুঁড়িয়ে দেওয়ার ডাক দেওয়ায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে পাল্টা সম্পূর্ণ ‘বন্দেমাতরম’ গানটি গেয়ে শোনানোর চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজেপি সাংসদ বাঁসুরী স্বরাজ। বিজেপি নেত্রীর এই অদ্ভুত যুক্তি দেখে চরম বিস্ময় প্রকাশ করলেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। সোশ্যাল মিডিয়ায় হৃতিকের মন্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে নেটপাড়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত অগাস্ট মাসে, যখন পুণেতে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ নামক একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী এনইইটি (NEET) আন্দোলনের ছাত্রীদের ওপর আক্রমণের তীব্র প্রতিবাদ জানান। মঞ্চ থেকেই রাহুল বলেছিলেন, “পিতৃতন্ত্র মেয়েদের ওপর ভয় ও দমননীতি প্রয়োগ করে নিয়ন্ত্রণ কায়েম করতে চায়। পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দিতে আমাদের একজোট হতে হবে।”

রাহুলের এই বক্তব্যের জবাবে সুষমা স্বরাজের কন্যা তথা বিজেপি সাংসদ বাঁসুরী স্বরাজ বলেন, “পিতৃতন্ত্রকে গুঁড়িয়ে দিতে চাইলে আপনাকে চ্যালেঞ্জ করছি, বন্দেমাতরমের ছ’টি স্তবক গেয়ে শোনান।” বিজেপি নেত্রীর এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, পিতৃতন্ত্র ও দেশপ্রেমের লড়াইয়ের সঙ্গে ‘বন্দেমাতরম’ গাওয়ার কী সম্পর্ক?

কংগ্রেস নেত্রী রুচিরা চতুর্বেদীর পোস্ট করা বাঁসুরীর সেই পুরনো ভিডিওটি সম্প্রতি নজর কাড়ে তারকা হৃতিক রোশনের। বিদ্রুপ ও বিস্ময় মেশানো সুরেই হৃতিক মন্তব্য করে লেখেন, “হ্যাঁ? এটা কি সত্যিই! ওয়াও!”

হৃতিকের এই মন্তব্য মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরালে পরিণত হয়। হাজার হাজার নেটিজেন তাঁর এই মন্তব্যে লাইক দিয়ে সমর্থন জানিয়েছেন। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, “দেশপ্রেম ও পিতৃতন্ত্র—দুটি সম্পূর্ণ আলাদা বিষয়কে উনি গুলিয়ে ফেলেছেন।”

সাধারণত বর্তমান সময়ে বলিউড তারকারা রাজনীতি বা কেন্দ্র সরকারের কোনও মন্তব্যের ওপর প্রতিক্রিয়া দেওয়া এড়িয়ে চলেন। সেখানে হৃতিক রোশনের মতো প্রথম সারির অভিনেতার এই সোজা বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক ও বলিপাড়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *