বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন স্বরা ভাস্কর! গোপন তথ্য ফাঁস করতেই শোরগোল বি-টাউনে

বলিউডের অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে শুরু থেকেই পরিচিতি রয়েছে স্বরা ভাস্করের। নিজের স্পষ্টবক্তা স্বভাব এবং অতীতের নানা মন্তব্য ঘিরে কম জলঘোলা হয়নি। বর্তমানে একটি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন তিনি। আর সেই শোয়ের মঞ্চেই নিজের ব্যক্তিগত জীবন, কেরিয়ার এবং মাতৃত্ব নিয়ে এমন কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন, যা শুনে চমকে গিয়েছেন অনুরাগীরা।

শোয়ে খোলামেলা আড্ডায় স্বরা জানান, একটা সময় তাঁর মনে হয়েছিল যে তাঁর আর বিয়েই হবে না। কিন্তু মা হওয়ার তীব্র ইচ্ছা ছিল তাঁর মনের মধ্যে। সেই তাগিদেই তিনি বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেছিলেন এবং আইভিএফ (IVF) বা চিকিৎসাগত উপায়ে সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। স্বরার কথায়, তাঁর বাবা-মা ভীষণ উদার মনের মানুষ। একা সন্তান মানুষ করা কঠিন হওয়া সত্ত্বেও মেয়ের এই সিদ্ধান্তে তাঁরা সম্পূর্ণ সায় দিয়েছিলেন এবং আইভিএফ প্রক্রিয়ার জন্য রাজিও করিয়েছিলেন।

অভিনেত্রী জানান, মা হওয়ার জন্য তিনি দু’বার আইভিএফ করানোর চেষ্টা করেছিলেন এবং এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির সাহায্যও নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই চেষ্টা সফল হয়নি।

এর ঠিক পরেই তাঁর জীবনে প্রবেশ করেন সমাজকর্মী ফাহাদ আহমেদ। নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে প্রতিবাদের মঞ্চেই দুজনের প্রথম পরিচয় হয়। সেখান থেকেই বন্ধুত্ব এবং পরবর্তীতে তা প্রেমে রূপ নেয়। সম্পর্কের সমীকরণ খুব দ্রুত এগোলে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁরা আইনি বিয়ে সারেন। আর বিয়ের মাত্র ন’মাস পর, অর্থাৎ ওই বছরের সেপ্টেম্বর মাসেই তাঁদের কোল আলো করে আসে কন্যাসন্তান। রিয়্যালিটি শোয়ে স্বরার এই খোলামেলা স্বীকারোক্তি এখন বিনোদন দুনিয়ার হট টপিক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *