২৮ দিনের মেয়াদ অতীত! ৩০ দিনের রিচার্জ প্ল্যানে এক ধাক্কায় কমছে মোবাইল খরচের বোঝা?

গত বেশ কয়েক বছর ধরে মোবাইল রিচার্জের দুনিয়া থেকে ৩০ দিনের হিসাব যেন একপ্রকার উঠেই গিয়েছিল। সমস্ত টেলিকম সংস্থাগুলির তরফে ২৮ দিনের রিচার্জ প্ল্যানই স্ট্যান্ডার্ড নিয়ম হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এই সূক্ষ্ম হিসেবের মারপ্যাঁচে পড়ে মোবাইল ব্যবহারকারীদের বছরের ১২ বার রিচার্জ করার পরিবর্তে ১৩ বার রিচার্জ করতে হতো, যার জেরে পকেট থেকে অতিরিক্ত টাকা বেরিয়ে যেত। তবে সাধারণ মানুষের এই দীর্ঘদিনের আর্থিক বোঝাপড়ার অবসান ঘটিয়ে এবার বড়সড় স্বস্তির খবর নিয়ে এল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ও টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া (TRAI)।
২৮ দিনের বদলে এবার ৩০ দিনের রিচার্জ প্ল্যান
ট্রাইয়ের (TRAI) নতুন ফ্রেমওয়ার্ক বা নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে আর মাত্র ২৮ দিন নয়, বরং ৩০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে আসতে চলেছে মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি। টেলিকম কনজিউমার প্রোটেকশন রেগুলেশন, ২০২৬ লাগু করার ফলেই এই নতুন পরিবর্তনের পথ প্রশস্ত হয়েছে।
সংসদের অন্দরে মোবাইল রিচার্জের এই লাভ-ক্ষতির অঙ্ক নিয়ে প্রথম জোরালো সওয়াল করেছিলেন আম আদমি পার্টির নেতা তথা সাংসদ রাঘব চড্ডা। সাধারণ মানুষের সেই দীর্ঘদিনের দাবি অবশেষে মেনে নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) এই খুশির খবর ভাগ করে নিয়ে রাঘব চড্ডা জানান, নতুন এই নিয়মের ফলে গ্রাহকদের আর বছরে ১৩ বার রিচার্জ করতে হবে না, বরং ১২ বার রিচার্জ করলেই পুরো বছরের হিসাব মিটে যাবে।
কমবে মোবাইল খরচের বোঝা
নতুন এই ব্যবস্থার ফলে গ্রাহকদের সামনে রিচার্জের ক্ষেত্রে আরও অনেক বেশি বিকল্প খোলা থাকবে। প্রত্যেকে নিজেদের প্রয়োজন ও বাজেট মাথায় রেখে পছন্দের প্ল্যান বেছে নিতে পারবেন, যার ফলে বাড়তি টাকা খরচের ঝামেলাও আর থাকবে না।
এছাড়াও, নতুন নিয়মে শুধুমাত্র ভয়েস কল, এসএমএস প্ল্যান এবং বেসিক পরিষেবার মতো পকেট-বান্ধব রিচার্জ প্ল্যান নিয়ে আসার ওপর জোর দেওয়া হয়েছে। যাঁদের নিয়মিত মোবাইল ইন্টারনেটের প্রয়োজন হয় না, কেবল কথা বলা বা মেসেজ পাঠানোর জন্য যাঁরা রিচার্জ করেন, তাঁদের কথা মাথায় রেখেই এই বিশেষ বিকল্পগুলি আনা হচ্ছে। সবমিলিয়ে, সরকারের এই নতুন টেলিকম নীতি কার্যকর হলে সাধারণ মানুষের মাসিক ও বার্ষিক মোবাইল রিচার্জের খরচ উল্লেখযোগ্যভাবে কমবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।