‘একটানে দাম কমল ১০০০ টাকা!’ নস্টালজিয়া উসকে দিয়ে নোকিয়ার জনপ্রিয় ৪জি ফোন মিলছে বিরাট ডিসকাউন্টে

স্মার্টফোনের অফুরন্ত নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়ার অন্তহীন রিলস আর ব্যস্ততার দুনিয়া থেকে একটু শান্তি পেতে চাইলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে এল নোকিয়া। টেক জায়ান্ট এইচএমডি (HMD)-র জনপ্রিয় নোকিয়া ৩২১০ (Nokia 3210 4G) ফোনটির দাম হঠাত্ই এক ধাক্কায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। ডিজিটাল ডিটক্স বা স্মার্টফোনের পাশাপাশি একটি নির্ভরযোগ্য সেকেন্ডারি ব্যাকআপ ফোন যাঁরা খুঁজছেন, তাঁদের জন্য এই মূল্যহ্রাস বড় চমক হয়ে এসেছে।
দাম কত কমল এবং কোথায় পাওয়া যাচ্ছে: কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এতদিন ৫,২৯৯ টাকায় বিক্রি হওয়া নোকিয়া ৩২১০ ৪জি ফোনটিতে সরাসরি ১,০০০ টাকা ছাড় দেওয়া হয়েছে। ফলে বর্তমানে মাত্র ৪,২৯৯ টাকা খরচ করলেই গ্রাহকরা এই ফোনটি ঘরে তুলতে পারবেন। একই সঙ্গে এতে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও দেওয়া হচ্ছে। গোল্ড, ব্ল্যাক এবং ব্লু—এই তিনটি আকর্ষণীয় রঙে ফোনটি বাজারে উপলব্ধ রয়েছে।
ফিচার ও নস্টালজিয়ার মেলবন্ধন: পুরোনো দিনের নস্টালজিয়া ফিরিয়ে আনতে এই ফোনে রাখা হয়েছে সেই চেনা বাটন কিপ্যাড, ২.৪ ইঞ্চির স্ক্রিন এবং পেছনে টর্চসহ ২ মেগাপিক্সেলের ক্যামেরা। আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এতে যোগ করা হয়েছে ফোরজি (4G) কানেক্টিভিটি, ডুয়াল সিম সাপোর্ট এবং আধুনিক ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট। ফোনটিতে ১,৪৫০ এমএএইচ (1,450 mAh) রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যা একবার চার্জ দিলে একটানা প্রায় ৯.৮ ঘণ্টা কথা বলার সুবিধা দেয়। এছাড়া বিনোদনের জন্য রয়েছে ওয়্যারলেস ও ওয়্যারড এফএম রেডিও এবং সেই বিখ্যাত ক্লাসিক ‘স্নেক গেম’। ইন্টারনাল স্টোরেজ ১২৮ এমবি হলেও মেমরি কার্ডের সাহায্যে তা ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। যারা ভারী স্মার্টফোন থেকে দূরে থেকে শুধুমাত্র কলিং বা ইমার্জেন্সির জন্য একটি ছিমছাম ফোন খুঁজছেন, তাদের জন্য এই বাজেট ফ্রেন্ডলি অফারটি দারুণ উপযোগী।