‘পুজোর মরশুমে ডবল ধামাকা!’ রূপঙ্করের জাদুকরি কণ্ঠে কোন নতুন গানে ভাসল পাহাড়প্রেমীরা?

দুর্গাপুজোর আনন্দকে দ্বিগুণ করতে এবং ভ্রমণপিপাসু বাঙালিকে পাহাড়ের ছোঁয়া দিতে এক অভিনব আয়োজন নিয়ে হাজির হলো ‘দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি’। নিবেদনে খুকুমণি এবং সহযোগিতায় থিজম ইভেন্টস-এর উদ্যোগে সম্প্রতি কলকাতার এক অভিজাত ক্যাফেতে মুক্তি পেল দুটি নতুন আধুনিক বাংলা গান। বিশেষ করে আন্তর্জাতিক ট্যুরিজম ডে-র প্রাক্কালে প্রকাশিত এই গানগুলিতে রূপঙ্কর বাগচীর জাদুকরী কণ্ঠ এবং পাহাড়ের মনোরম দৃশ্যের নিখুঁত মিশ্রণ দর্শকদের নজর কেড়েছে।
নস্টালজিক এইচএমভি স্টুডিওর স্মৃতি ও গানগুলির বিশেষত্ব: এই গানদুটির রেকর্ডিং হয়েছে দমদমের ঐতিহাসিক এইচএমভি স্টুডিওতে (বর্তমানে যা সারেগামা নামে পরিচিত)। ১৯৯২ সালের স্মৃতি রোমন্থন করে রূপঙ্কর জানান যে এই স্টুডিওর সঙ্গে তাঁর আবেগ জড়িয়ে রয়েছে। সংস্থার কর্ণধার সুদীপ্ত চন্দের কথা ও সুরে তৈরি ‘মেঘ আসে পাশে’ এবং ‘একলা পথ’ নামের গান দুটিতে বাংলার মেলোডি ও ট্রাভেল থিমের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। প্রথম গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রণদীপ মুখোপাধ্যায় (মানু) এবং দ্বিতীয়টির দায়িত্বে ছিলেন মাধুর্য্য মুখোপাধ্যায়।
পাহাড় ও সঙ্গীতের মেলবন্ধন: ‘দ্যা ড্রিমার্স’-এর অন্যতম প্রধান আকর্ষণ হল তাঁদের পাহাড়ি ট্রাভেল সং এবং ‘মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল’। পুজো মানেই যেমন নতুন জামা ও উৎসবের আমেজ, তেমনই এই নতুন গানগুলি শ্রোতাদের মনকে সোজা পাহাড়ের উপত্যকায় উড়িয়ে নিয়ে যাবে। সমস্ত জনপ্রিয় অনলাইন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং ইউটিউবে মুক্তি পাওয়ার পর থেকেই গানগুলি ঘিরে সঙ্গীতপ্রেমীদের মধ্যে দারুন উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।