Ozempic-Wegovy নিয়ে তুমুল বিতর্ক! ঝটপট রোগা হওয়ার এই জনপ্রিয় ওষুধেই কি হারাচ্ছে দৃষ্টিশক্তি?

ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠা GLP-1 গোত্রের ওষুধ—যেমন Ozempic, Wegovy এবং Zepbound—নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে মারাত্মক বিতর্ক শুরু হয়েছে। এই ওষুধগুলি সেবনের ফলে হঠাৎ করে দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ তুলে মার্কিন আদালতে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন রোগীরা। যদিও এই অভিযোগগুলির পক্ষে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক বা আইনি প্রমাণ মেলেনি, তবুও এই চাঞ্চল্যকর ঘটনায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।
মামলাকারীদের প্রধান অভিযোগ, Novo Nordisk-এর তৈরি Ozempic ও Wegovy এবং Eli Lilly-র Zepbound গ্রহণের ফলেই তাঁদের শরীরে NAION (Non-Arteritic Anterior Ischemic Optic Neuropathy) নামক একটি বিরল চোখের সমস্যা দেখা দিয়েছে। এই রোগে চোখের অপটিক নার্ভে রক্ত সরবরাহ মারাত্মকভাবে কমে গিয়ে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। রোগীদের দাবি, ওষুধগুলির এই সম্ভাব্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আগে থেকে প্রস্তুতকারক সংস্থাগুলি পর্যাপ্ত সতর্কবার্তা দেয়নি।
অন্যদিকে, সমস্ত অভিযোগ একসরে উড়িয়ে দিয়েছে অভিযুক্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি। তাদের সাফ দাবি, এই ধরনের ওষুধ এবং দৃষ্টিশক্তি হারানোর মধ্যে কোনো প্রত্যক্ষ কার্যকারণ সম্পর্ক এখনও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়নি। তবে বিষয়টি হালকাভাবে দেখছে না আন্তর্জাতিক স্বাস্থ্যসংস্থাগুলিও। ব্রিটেনের ওষুধ-নিরাপত্তা সংস্থা MHRA এবং অস্ট্রেলিয়ার TGA ইতিমধ্যেই এই বিষয়টিকে একটি বিরল কিন্তু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কবার্তা আপডেট করেছে। চিকিৎসকদের পরামর্শ, এই ধরনের ওষুধ ব্যবহারের সময় চোখে কোনো অস্বাভাবিক পরিবর্তন বা দৃষ্টিশক্তি হ্রাসের লক্ষণ দেখা দিলে অবিলম্বে বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো প্রেসক্রাইব করা ওষুধ বন্ধ করা একেবারেই অনুচিত।