নো ইন্স্যুরেন্স, নো ফুয়েল! দেশের অর্ধেকের বেশি গাড়ির বিমা নেই, কড়া পদক্ষেপ নিতে চলেছে মোদি সরকার

প্রতিদিন বাইক বা গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে যাওয়ার অভ্যাস থাকলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের রাস্তাঘাটে পুলিশি চেকিং এড়িয়ে এতদিন হয়তো অনেক চালকই গাড়ির বিমা বা ইন্স্যুরেন্সের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও গাড়ি চালিয়ে আসছিলেন। কিন্তু এবার থেকে আর সেই চালাকি খাটবে না। বিমা না থাকলে ট্রাফিক পুলিশের ফাইন তো গুণতেই হবে, পাশাপাশি পেট্রোল পাম্পেও জ্বালানি পাওয়া বন্ধ হতে চলেছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এবং ভুলের মাশুল এড়াতে এক অভিনব ও কড়া পদক্ষেপের প্রস্তুতি শুরু হয়েছে।
কীভাবে কাজ করবে এই নতুন প্রযুক্তি?
বীমা নিয়ন্ত্রক সংস্থা ‘আইআরডিএআই’ (IRDAI)-এর তরফে একটি বিশেষ পাইলট প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে। এই ব্যবস্থা সফলভাবে চালু হলে পেট্রোল পাম্পে গাড়ি ঢোকার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে তার বৈধতা যাচাই করা হবে।
-
এএনপিআর ক্যামেরা (ANPR): পাম্পের প্রবেশদ্বারে থাকবে বিশেষ অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন প্রযুক্তির ক্যামেরা, যা মুহূর্তের মধ্যে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে নেবে।
-
ডেটাবেস ভেরিফিকেশন: স্ক্যান করা সেই নম্বর ইন্স্যুরেন্স ইনফরমেশন ব্যুরো (IIB) এবং সরকারি ‘বাহন’ (VAHAN) পোর্টালের ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
-
ইনস্যুরেন্স স্ট্যাটাস: গাড়িটির বৈধ থার্ড-পার্টি মোটর ইন্স্যুরেন্স চালু আছে, না কি তার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, তা নিমেষেই ধরা পড়বে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ও বর্তমান পরিসংখ্যান
আইনি নিয়ম অনুযায়ী, দেশে বৈধ থার্ড-পার্টি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি বা বাইক চালানো সম্পূর্ণ বেআইনি। কিন্তু তা সত্ত্বেও বাস্তবে ছবিটা একেবারেই আলাদা। সম্প্রতি সুপ্রিম কোর্টে পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট ৩০.৪৮ কোটি গাড়ির মধ্যে প্রায় ১৬.৫৪ কোটি অর্থাৎ প্রায় ৫৬ শতাংশ গাড়িরই কোনো বৈধ বীমা নেই!
এই পরিস্থিতির মোকাবিলা করতে গত ৪ আগস্ট সুপ্রিম কোর্ট আইআরডিএআই এবং সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রককে (MoRTH) একটি পরীক্ষামূলক ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেয়, যার মূল লক্ষ্য হলো বৈধ বীমা থাকার সঙ্গে জ্বালানি সরবরাহের প্রক্রিয়াকে যুক্ত করা। এই পাইলট প্রজেক্ট সফলভাবে রূপায়িত হলে আগামী দিনে পেট্রোল পাম্পে গিয়ে খালি হাতে ফিরতে হতে পারে বহু চালককে। তাই ঝঞ্ঝাট এড়াতে সময় থাকতেই গাড়ির বিমা রিনিউ করে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।