অ্যাকাউন্টে ঢুকবে টাকা, নারীদের সুরক্ষায় বড় কমিশন! মোদির জন্মদিনে ঐতিহাসিক ঘোষণা শুভেন্দু অধিকারীর

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উদযাপনের আবহে এ যেন এক অন্য রূপ দেখলেন রাজ্যবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে বঙ্গবাসীকে অন্নপূর্ণা যোজনা সহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উপহার দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা শুভেন্দু অধিকারী। এদিন অন্নপূর্ণা দিবস পালনের পাশাপাশি নারী সুরক্ষা, অপরাধ দমন এবং সামাজিক সংস্কারের একগুচ্ছ কঠোর বার্তা দিয়েছেন তিনি।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার আওতায় ইতিমধ্যেই রাজ্যের প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে গিয়েছে এবং বাকিদের অ্যাকাউন্টেও দ্রুত অর্থ স্থানান্তরিত করা হচ্ছে। শুধু তাই নয়, নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিগত চার মাসে একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে, যার দায়িত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জি এবং আইপিএস অফিসার দময়ন্তী সেন। পাশাপাশি, আইসিডিএস, আশা কর্মী ও প্রাণী মিত্রাদের বেতন বৃদ্ধির ঘোষণা করার পাশাপাশি গর্ভবতী মায়েদের পুষ্টির খরচ বাড়ানোর কথাও জানান তিনি। কন্যাসন্তানদের পড়াশোনা ও উচ্চশিক্ষার জন্য ভবিষ্যতে ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তার নতুন কর্মসূচির কথাও এদিন ঘোষণা করা হয়।

আইনশৃঙ্খলা ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধে এদিনের মঞ্চ থেকে অত্যন্ত কঠোর অবস্থান নেন শুভেন্দু অধিকারী। রাজ্যে কোনোভাবেই বাল্যবিবাহ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়ে তিনি হুশিয়ারি দেন যে, ১৮ বছরের কম বয়সে বিয়ে দিলে কাসিম হোক কিংবা পুরোহিত—কাউকেই ছাড় দেওয়া হবে না, সরাসরি জেলে যেতে হবে। একই সঙ্গে রাজ্যকে সম্পূর্ণ নেশামুক্ত করতে সমস্ত বেআইনি নেশাকেন্দ্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দিয়ে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *