শুধু মোবাইল নম্বর আর ওটিপি দিলেই কেল্লাফতে! দিল্লির রেল স্টেশনে এল তাক লাগানোর মতো প্রযুক্তি

ট্রেন সফরের সময় ভারী লাগেজ বা মালপত্র সঙ্গে নিয়ে ঘোরাঘুরি নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে বড় পদক্ষেপ করল উত্তর রেলওয়ে। দিল্লির প্রধান চারটি রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে আধুনিক ডিজিটাল লকার (Digital Locker) সুবিধা। এর ফলে শহর ঘুরে দেখা, ট্রেন বদলানো কিংবা দীর্ঘক্ষণ ট্রেন অপেক্ষার সময় যাত্রীরা চরম স্বস্তি পাবেন।

নর্দার্ন রেলওয়ের দিল্লি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দিল্লি (NDLS), হযরত নিজামুদ্দিন (NZM), দিল্লি জংশন (DLI) এবং আনন্দ বিহার টার্মিনাল (ANVT)—এই চারটি গুরুত্বপূর্ণ স্টেশনেই এই হাই-টেক পরিষেবা নিয়ে আসা হয়েছে। যাত্রীদের গোপনীয়তা ও নিরাপত্তার কথা মাথায় রেখে এই লকারগুলোর পুরো প্রক্রিয়াটি করা হয়েছে ডিজিটাল ও স্বয়ংক্রিয়।

ডিজিটাল লকার ব্যবহার করার সহজ পদ্ধতি: এই লকারগুলোতে নিজের জিনিসপত্র রাখা অত্যন্ত সহজ। প্রথমে ব্যবহারকারীকে নিজের মোবাইল নম্বর দিয়ে একটি ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। এরপর প্রয়োজন অনুযায়ী লকারের আকার ও সময়সীমা বেছে নিয়ে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লকারটি লক করা যাবে। মালপত্র ফেরত নেওয়ার সময়ও একই প্রক্রিয়ায় রেজিস্টার্ড মোবাইল নম্বর ও ওটিপি ব্যবহার করে ‘রিলিজ’ অপশনে ক্লিক করলেই লকার খুলে যাবে। পেমেন্টের জন্য গুগল পে, পেটিএম এবং ফোনপের মতো একাধিক ডিজিটাল মাধ্যম উপলব্ধ রয়েছে।

উত্তর রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন যে, যাত্রীদের চাহিদা অনুযায়ী মিনি, ছোট, মাঝারি, বড় এবং অতিরিক্ত বড়—সব ধরনের লকারই স্টেশনে মজুত রয়েছে। বর্তমানে নতুন দিল্লি স্টেশনের ১৬ নম্বর প্ল্যাটফর্মের কাছে প্রধান হলের ডিজিটাল ডিসপ্লে বোর্ডের নিচে এবং হযরত নিজামুদ্দিন স্টেশনের প্রধান প্রবেশদ্বারের সিড়ির পাশে এই পরিষেবা ২৪ ঘণ্টা চালু রয়েছে। খুব শীঘ্রই বাকি দুটি স্টেশনেও এই সুবিধা পুরোপুরি শুরু হয়ে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *