বাড়ি কেনার শখ মেটাতে মালিকের ২৭ লক্ষ টাকা সাফ! রাজস্থানের মন্দির থেকে পাকড়াও চতুর চালক

মধ্যপ্রদেশের ইন্দোরে সাড়া ফেলে দেওয়া ২৭ লক্ষ টাকা চুরির ঘটনার রহস্যভেদ করল পুলিশ। নিয়োগকর্তার বাড়ি থেকে নগদ টাকা হাতানোর পর অভিযুক্ত চালক সটান পালিয়ে গিয়েছিল রাজস্থানে। সেখানে বিখ্যাত সানওয়ারিয়া শেঠের মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েই পুলিশের জালে ধরা পড়ে সে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তের কাছ থেকে ২৪ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দোরের রাউ থানা এলাকায় ব্যবসায়ী গৌরমের বাড়ি থেকে প্রায় ২৭ লক্ষ টাকা চুরির অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ আশেপাশের সমস্ত সিসিটিভি ক্যামেরা ও প্রযুক্তিগত প্রমাণের ওপর নির্ভর করে। তদন্ত এগোতেই সন্দেহের তীর গিয়ে পড়ে অভিযোগকারীর সাবেক চালক রোহিত সিং কোসের ওপর। পুরোনো কর্মী হওয়ায় বাড়ির কোন কোণায় টাকা রাখা আছে, তা তার হাতের মুঠোয় ছিল।

চুরি করার পরই অভিযুক্ত ইন্দোর ছেড়ে রাজস্থানের দিকে চম্পট দেয়। পুলিশের সাইবার সেল ও টেকনিক্যাল টিমের নজরদারির মাধ্যমে তার অবস্থান ট্র্যাক করা হয়। রাজস্থানের সানওয়ারিয়া শেঠ মন্দিরের আশপাশ থেকেই তাকে পাকড়াও করে পুলিশ দল।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে যে তার একটি নতুন বাড়ি কেনার প্রবল ইচ্ছে ছিল। সেই শখ পূরণ করতেই সে এই চুরির পরিকল্পনা করেছিল বলে জানায়। ইন্দোরের ডিসিপি নরেন্দ্র সিং রাওয়াত জানিয়েছেন, চুরি যাওয়া টাকার বেশিরভাগটাই উদ্ধার করা হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *