SPORTS: রোনালদোর বাড়িতে চাকরির সুযোগ, মাসে বেতন ছয় লাখ
ক্যারিয়ারের গোধূলিলগ্নে চলে এসেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর কয়েক বছর হয়তো খেলবেন। এরপর তুলে রাখবেন বুটজোড়া। অবসর জীবনকে সাজিয়ে তুলতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছেন পর্তুগিজ তারকা। যার একটি হচ্ছে পর্তুগালে নির্মাণাধীন বাড়ি ‘ফরএভার হোম’।
এই বাড়িটি বানাতে রোনালদোর খরচ হচ্ছে ১৭ মিলিয়ন পাউন্ড। তবে বাড়ির দেখভাল নিয়ে ভালই বিপাকে পড়েছেন তিনি। বাড়িতে নিজের এবং পরিবারের জন্য রান্নার করার বাবুর্চি খুঁজে পাচ্ছেন না পর্তুগিজ তারকা।
রোনালদো খুব বেছে বেছে খান। এর কারণ নিজেকে ফিট রাখা। তবে তার সেই চাহিদা পূরণ করতে পারে এমন যোগ্য বাবুর্চি পেতে বেশ কষ্ট হচ্ছে পাঁচবার ব্যালন ডি’অর জয়ী এই তারকার। মোটা অংকের বেতন অফার করেও পাচ্ছেন না বাবুর্চি।
পর্তুগালে নির্মাণাধীন বাড়িটির কাজ শেষ হবে এ বছরের জুনে। বাড়িটি পুরোপুরিভাবে প্রস্তুত হওয়ার আগে চলছে স্টাফ নিয়োগের কাজ। কিছু কিছু জায়গায় নিয়োগ নিশ্চিত হলেও, রোনালদো বড় বিপাকে পড়েছেন বাবুর্চি নিয়োগ নিয়ে।
পর্তুগালের বিখ্যাত এক সংবাদপত্রের মতে, মাসিক ৬ লাখ টাকাতেও বাবুর্চি খুঁজে পাচ্ছেন না সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। সুশিসহ অন্যান্য ঐতিহ্যবাহী পর্তুগিজ খাবার প্রস্তুত করবেন, এমন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।