এক ঝটকায় বদলে যাচ্ছে ভিআর-এর দুনিয়া! মেটার গোপন প্রজেক্ট ‘ফিনিক্স’ নিয়ে এল বড় চমক

ভারী এবং অস্বস্তিকর ভিআর হেডসেটের যুগ পেরিয়ে এবার চশমার মতো হালকা ডিভাইসের দুনিয়ায় পা রাখতে চলেছে মেটা। সংস্থাটির আসন্ন প্রিমিয়াম ভিআর হেডসেট ‘মেটা ফিনিক্স’-এর প্রথম ঝলক ও ডিজাইন অনলাইনে ফাঁস হয়েছে। হরাইজন ওএস ফার্মওয়্যার প্যাকেজ থেকে এই ছবিগুলো প্রকাশ্যে এনেছে ‘আপলোডভিআর’। যা বর্তমানে বাজারে থাকা যেকোনো ভারী ভিআর ডিভাইসের ডিজাইনকে সম্পূর্ণ বদলে দিতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, মেটা ফিনিক্সের ফ্রেমটি অত্যন্ত পাতলা এবং দেখতে সাধারণ চশমার মতো। পুরোনো ভিআর হেডসেটগুলোর মতো এতে কোনো bulky ফেস ইন্টারফেস রাখা হয়নি, বরং এর জায়গায় দেওয়া হয়েছে আলাদা নোজ প্যাড। ডিভাইসের ফিজিক্যাল ডিজাইনে বিশেষ নজর দিয়ে এতে অপসারণযোগ্য প্রেসক্রিপশন লেন্স লাগানোর সুবিধা রাখা হয়েছে। অ্যানিমেশনের মাধ্যমে দেখা গেছে, ব্যবহারকারীরা তাঁদের চোখের পাওয়ার অনুযায়ী লেন্সগুলো খুব সহজেই হেডসেটের নিজস্ব লেন্সের সামনে যুক্ত বা পরিবর্তন করতে পারবেন। এছাড়া সেটআপ প্রক্রিয়া সহজ করতে কিউআর কোডের ব্যবহার দেখা গেছে।
মেটার এই নতুন ডিভাইসটি বাজারে কোয়েস্ট প্রো-এর মতো হাই-এন্ড ডিভাইসগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে। এটি একটি প্রিমিয়াম ও হালকা মিক্সড রিয়ালিটি হেডসেট হিসেবে বাজারে আসছে, যা একটি কেবলের মাধ্যমে এক্সটার্নাল কম্পিউটিং ডিভাইসের সঙ্গে যুক্ত থাকবে। তবে এটি সরাসরি স্বচ্ছ স্মার্টগ্লাস হিসেবে কাজ করবে না। বরং এর ভেতরের ক্যামেরাগুলো বাইরের বাস্তব জগৎকে নিখুঁতভাবে ধারণ করে হেডসেটের স্ক্রিনে প্রদর্শন করবে। সবমিলিয়ে, মেটার এই ফিনিক্স প্রজেক্ট গ্যাজেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।