আমেরিকা-ইউরোপের চোখে চোখ রেখে যুদ্ধের প্রস্তুতি! পুতিনের এই চালে কাঁপবে বিশ্ব অর্থনীতি?

মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিগুলির জারি করা কড়া আর্থিক নিষেধাজ্ঞার জেরে পঙ্গু হয়ে পড়া দেশগুলির জন্য এবার এক অভিনব ও কার্যকর সুরক্ষাকবচের পথ বাতলে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিকস সম্মেলনের শেষ অধিবেশনে দাঁড়িয়ে পুতিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, পশ্চিমী দুনিয়ার সম্ভাব্য আর্থিক নিষেধাজ্ঞার হাত থেকে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল দেশগুলিকে বাঁচাতে একটি নিজস্ব অভ্যন্তরীণ বিমা-ব্যবস্থা (Internal Insurance System) গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
পুতিনের প্রস্তাবের নেপথ্যের মূল কারণগুলি একনজরে:
-
পশ্চিমী নিষেধাজ্ঞার বিরুদ্ধে বর্ম: ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়াকে কীভাবে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছে, তার উদাহরণ টেনে পুতিন জানান যে, জি-৭ বা ইইউ-এর মতো সংস্থাগুলি যেকোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। এমনকি রাশিয়া থেকে তেল কেনা এবং তা বহনকারী জাহাজের ওপর সামুদ্রিক বিমা নিষিদ্ধ করে জ্বালানি রপ্তানিতে বাধা সৃষ্টি করা হয়েছে।
-
স্বাধীন বাণিজ্য ও পরিকাঠামো: ব্রিকসের মঞ্চ থেকে পুতিন জোর দিয়ে বলেছেন যে, বাইরের শক্তির প্রভাব ছাড়াই সদস্য দেশগুলির মধ্যে প্রযুক্তি এবং শ্রমিকের আদানপ্রদান হওয়া উচিত। এর পাশাপাশি অভ্যন্তরীণ শস্য বাজার গড়ে তোলারও প্রস্তাব দিয়েছেন তিনি, যাতে বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও বজায় থাকে।
-
নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ও সহযোগিতা: ১৪০ বিলিয়ন মার্কিন ডলারের প্রকল্পের আওতায় থাকা নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক তৈরির উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বর্তমান বিশ্বজুড়ে যে সমস্ত অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মাথাচাড়া দিয়ে উঠছে, তার মোকাবিলায় ব্রিকসভুক্ত দেশগুলিকে এবার আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডললার ও পশ্চিমী বিমা কোম্পানিগুলির একাধিপত্য ভাঙতে পুতিনের এই প্রস্তাব বিশ্ব রাজনীতিতে এক বড়সড় মোড় ঘুরিয়ে দিতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।