ইমরান-পন্টিং-কোহলিরা অতীত! সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে খোদ ধোনিকে বেছে নিয়ে বড় চমক দিলেন রাহুল দ্রাবিড়

ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা আন্তর্জাতিক অধিনায়ক কে? সম্প্রতি এক র্যাপিড ফায়ার চ্যালেঞ্জে এই কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ তথা কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়। স্টিভ স্মিথ, রিকি পন্টিং, বিরাট কোহলি থেকে শুরু করে ইমরান খানের মতো বিশ্বসেরা অধিনায়কদের এক লহমায় পেছনে ফেলে শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনিকেই সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বেছে নিলেন ‘দ্য ওয়াল’।
একটি আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের মুখোমুখি হয়ে র্যাপিড ফায়ার পর্বে অংশ নেন দ্রাবিড়। সেখানে ধাপে ধাপে একাধিক সফল অধিনায়ককে একে অপরের মুখোমুখি দাঁড় করানো হয়। কঠিন সেই লড়াইয়ে স্টিভ স্মিথ ও রিকি পন্টিংকে টপকে এগিয়ে যান একে একে অনেকেই। এমনকী বিরাট কোহলি এবং পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মতো কিংবদন্তিদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়েও শেষ হাসি হাসেন ধোনি। এমনকি ওয়েস্ট ইন্ডিজের দুর্ধর্ষ অধিনায়ক ক্লাইভ লয়েডকে ফাইনালে হারিয়ে ধোনিকেই নিজের পছন্দের তালিকার শীর্ষে রাখেন দ্রাবিড়।
খেলোয়াড় জীবনে ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে এবং ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। তাঁর হাত ধরেই ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। বিশ্ব ক্রিকেটে একমাত্র অধিনায়ক হিসেবে তিনটি প্রধান আইসিসি ট্রফি জেতার এই অনন্য কীর্তিয়েই ধোনিকে বাকি সবার থেকে এগিয়ে রেখেছেন রাহুল দ্রাবিড়।