প্রধান শিক্ষককে দৌড় করিয়ে মার! জলপাইগুড়ি জেলা স্কুলের চার ছাত্রকে আটক করল পুলিশ

প্রধান শিক্ষককে ধাওয়া করে মাটিতে ফেলে মারধরের ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। কোতোয়ালি থানার পুলিশ জলপাইগুড়ি জেলা স্কুলের চার জন ছাত্রকে আটক করেছে। শনিবার তাদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হয়। দেড়শো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে গত ৮ সেপ্টেম্বর মারধরের অভিযোগ ওঠে ছাত্রদের একাংশের বিরুদ্ধে। সেই ঘটনার ভাইরাল হওয়া ভিডিও খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশ।
ঘটনার দিন প্রধান শিক্ষককে ঘিরে ধরে রীতিমতো দৌড় করিয়ে মারধর করা হয়, যার জেরে তিনি মাটিতেও পড়ে যান। এই ন্যক্কারজনক ঘটনার পরই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে এবং জেলা স্কুল পরিদর্শক তদন্ত শুরু করেন। এর মধ্যেই শুক্রবার স্কুল পরিদর্শনে যান রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, অভিযুক্ত ছাত্ররা ওই স্কুলে আর পড়তে পারবে না এবং তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হবে। তবে তারা অন্য স্কুলে পড়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রীর এই বার্তার পরেই শনিবার চার ছাত্রকে আটকের খবর সামনে আসে। এদিকে, অভিযুক্ত এক ছাত্রের আত্মীয়া এই ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন। পুলিশের এই পদক্ষেপে হতবাক অভিযুক্তদের পরিবার। তবে শিক্ষক নিগ্রহের মতো ঘটনায় প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ওয়াকিবহাল মহল। জুভেনাইল বোর্ড এই বিষয়ে কী নির্দেশ দেয়, এখন সেটাই দেখার।