ব্যক্তিগত কোচের এন্ট্রি নিতেই টিম থেকে বাদ পড়লেন কন্ডিশনিং কোচ! এশিয়ান গেমসের আগে টেবল টেনিস দলের অন্দরে চরম কোন্দল।

আর মাত্র কদিন পরেই শুরু হতে চলেছে এশিয়ান গেমস। কিন্তু মেগা টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ভারতীয় টেবল টেনিস দলের অন্দরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। শেষ মুহূর্তে এক ব্যক্তিগত কোচের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে কোপ পড়েছে দলের মূল সাপোর্ট স্টাফের ওপর। বাঙালি কোচ সৌম্যদীপ রায়ের এশিয়াডগামী দলে যুক্ত হওয়ার জেরে শেষ মুহূর্তে বাদ পড়তে হয়েছে দলের দীর্ঘদিনের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ জনসন সেলভাকুমার দেবরাজকে।

সূত্রের খবর, গত ১২ জুলাই পায়াস জৈন, সিন্ড্রেলা দাস এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত পরামর্শদাতা তথা টেকনিক্যাল কোচ হিসেবে জাপানে যাওয়ার আবেদন করেছিলেন সৌম্যদীপ রায়। এরপর ক্রীড়ামন্ত্রক ও নানা মহলের পাস কাটিয়ে শেষ পর্যন্ত তাঁর নাম সাপোর্ট স্টাফের তালিকায় যুক্ত হয়। তবে এই পরিবর্তনের জেরে আগে থেকেই নির্ধারিত তালিকায় থাকা ফিটনেস কোচ জনসন দেবরাজকে দল থেকে বাদ পড়তে হয়।

টিটি দলের অন্দরের খবর অনুযায়ী, সৌম্যদীপ রায় কোচের ভূমিকায় গেলেও ম্যাচের সময় দলের অফিসিয়াল ‘কোর্ট সাইড’ বা ফিল্ড অফ প্লে-তে বসতে পারবেন না। তা সত্ত্বেও তাঁর মতো একজন ব্যক্তিগত কোচকে সুযোগ করে দিতে গিয়ে মূল দলের কন্ডিশনিং কোচকে বাদ দেওয়ায় ক্রীড়া মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উল্লেখ্য, ২০২১ সালের টোকিও অলিম্পিকের সময় তারকা প্যাডলার মণিকা বাত্রার করা গুরুতর অভিযোগের মুখে পড়ে জাতীয় কোচের পদ হারাতে হয়েছিল সৌম্যদীপ রায়কে। দীর্ঘ পাঁচ বছর পর সেই বিতর্কিত অধ্যায় পেছনে ফেলে তিনি আবারও জাতীয় দলের বহরে যুক্ত হলেন। তবে এশিয়াডের ঠিক প্রাক্কালে এই নাটকীয় রদবদল এবং অন্দরের কোন্দল ভারতীয় টেবল টেনিস দলের পারফরম্যান্সের ওপর কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *